ডুলির ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপে কাঙিক্ষত সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়া টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও, সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি।
ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ের ছবি সামনে আসতে চোখে পড়ল, বাফুফে সভাপতির সামনে টেবিলের ওপরে রাখা দুটি ট্রফি; একটি এএফসির ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি’র; অন্যটি গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরির পুরস্কার। আরও একটি ট্রফি এখানে থাকতে পারত, যেটির জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা চলছে সেই ২০০৩ সাল থেকে। কাঙিক্ষত সেই সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্য এনে দিতে পারেননি টমাস ডুলিও। তাতে যুক্তরাষ্ট্রের এই কোচের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত।
জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে রাখা নিয়ে আলোচনাও হয়েছে কমিটিতে। যদিও এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
শনিবার আলোচনা শেষে সংবাদ সম্মেলনে অবশ্য আসেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানালেন, পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে সাফের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া কোচের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তারা।
“আমাদের আজকের আলোচনায় তিন নম্বর এজেন্ডাতে ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। তাকে নিয়েই আমাদের মূল বিষয় এবং আলাপ-আলোচনা হয়েছে। মিটিংয়ে ডুলি নিজেও উপস্থিত ছিলেন। আমাদের এক সদস্য কোচকে কিছু প্রশ্ন করেছে। বিশেষ করে, আমরা সেমি-ফাইনালে পাকিস্তানের সাথে খারাপ (ফল) করেছি, এই বিষয়ে। কোচ তার প্রশ্নের উত্তর দিয়েছেন।
“পরবর্তীতে আমাদের সদস্য সত্যজিৎ দাশ রুপু, সাঈদ হাসান কানন এবং সেই সঙ্গে আমাদের ইমতিয়াজ আহমেদ সবুজ-অনেকেই প্রশ্ন করেছেন কোচকে। মনজুরুল আলম উনিও প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পরে কোচ প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দিয়েছেন। এরপর সভাপতি কিছু কথা বলার পর আমরা কোচকে (সভা থেকে) চলে যেতে বলি। কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাদের আরও আলোচনা করতে হবে। আমরা খুব সহসাই আরেকটা মিটিং করব।”
বড় আসরে ব্যর্থ হওয়া কোচকে তাৎক্ষণিক বিদায় করে দেওয়ার ঘটনা ফুটবলে বিরল নয় মোটেও।
সাফের আগে আসিয়ান কাপে তিন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল দল। কিন্তু অনেকটা সমমানের দল নিয়ে হওয়া সাফে বাংলাদেশের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু ভুটান ও শ্রীলঙ্কাকে হারানোর পর, পাকিস্তানের বিপক্ষে আটকে যায় হামজা-ফারহানদের নিয়ে গড়া দল। ডাগআউটে ডুলির কৌশল নিয়ে উঠতে থাকে প্রশ্ন। তবে, মিডিয়া কমিটির চেয়ারম্যান সিদ্ধান্তের বিষয়টি ছেড়ে দিতে চান নির্বাহী কমিটির উপর।
“কোচকে বাদ দিব বা রাখব, কী করবো-না করবো, এখনই আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ, এটা (ন্যাশনাল টিমস কমিটি) কিন্তু একটা সাব-কমিটি। আমরা আলাপ-আলোচনা করে দেখব, এরপর যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে রেফার করতে হবে। তারপরই কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে।
“পরবর্তী মিটিংয়ে আলাপ-আলোচনার সাপেক্ষে আমাদের যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে আমরা আমাদের নির্বাহী কমিটিতে এটা ফাইনাল করব।”
