২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজলাসে বিচারকদের ফোন ও ফেইসবুক ব্যবহার না করার নির্দেশ

রায় প্রস্তুত বা লেখার কাজে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না, বলেন তিনি।

এজলাসে বিচারকদের ফোন ও ফেইসবুক ব্যবহার না করার নির্দেশ

চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে শনিবার এক অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 08:37 PM

Updated : 21 Nov 2026, 08:32 PM

আদালতের ভেতরের পাশাপাশি বাইরেও বিচারকের আচরণে মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন বজায় রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এজলাসে মোবাইল ফোন বহন এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুক ব্যবহার না করতেও বিচারকদের নির্দেশ দিয়েছেন তিনি।

চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে শনিবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য তিনি এসব নির্দেশনা দেন।

বিচারপ্রক্রিয়া দ্রুত করা, মামলার ব্যবস্থাপনা আধুনিকায়ন ও বিচারিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারকদের সক্ষমতা অনুযায়ী মামলার কার্যতালিকা প্রস্তুত, শুনানি শেষে এজলাসে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথি নিরাপদে সংরক্ষণ এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ করতে হবে।

বিচারকাজে এআই এর ব্যবহার নিয়ে তিনি বলেন, “প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে বিচারকরা এআই ব্যবহার করতে পারবেন। তবে রায় প্রস্তুত বা লেখার কাজে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। রায়ের অপারেটিভ অংশ বিচারককে নিজ হাতে লিখতে হবে। বিচারকের নিজস্ব বিচারিক বিবেচনা, বুদ্ধিমত্তা, যুক্তি ও আইনি বিশ্লেষণই এ ক্ষেত্রে প্রধান থাকবে।”

বিচারকাজে আইনের পাশাপাশি সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গিও বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা বলেন তিনি।

আদালতে বিচারপ্রার্থীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রতিটি জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রধান বিচারপতি।

শুনানিতে আইনজীবীদের ‘অপ্রয়োজনীয় দীর্ঘ বক্তব্য’ পরিহারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “শুনানির সময়সীমা নির্দিষ্ট ও সুনির্দিষ্ট হওয়া উচিত। মুলতবি যেন নিয়মিত চর্চায় পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।”

অনুষ্ঠানে হাই কোর্ট বিভাগের বিচারপতি ও অধস্তন আদালত তদারকি কমিটির চট্টগ্রাম-১-এর বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন।