১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার ফাঁসি: প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’

সুপ্রিম কোর্ট প্রশাসন বলছে, এ ধরনের সংবাদ প্রচারে দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ‘বিভ্রান্তি’ সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্টের ‘মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন’ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 11:08 PM

Updated : 19 Nov 2026, 11:08 PM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন বলে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার আলাদা বিজ্ঞপ্তিতে অ্যাটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলিও একই প্রতিক্রিয়া জানিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন বলেছে, ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বা ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’–এ ধরনের কোনো মন্তব্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী করেননি।

বিজ্ঞপ্তিতে এসব খবরকে ‘অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া’ হিসেবে বর্ণনা করে বলা হয়, সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই করা হলে এমন পরিস্থিতি এড়ানো যেত।

বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া শেরপুরের আমিনুজ্জামান ফারুকসহ তিনজনের আপিল শুনানিকালে প্রধান বিচারপতি ওই মন্তব্য করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এরপর সন্ধ্যায় এসব খবরের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি দেয়।

সুপ্রিম কোর্টের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার মামলার কার্যতালিকার এক নম্বরে থাকা ‘এস এম আমিনুজ্জামান ফারুক এবং অন্যান্য বনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ (ক্রিমিনাল আপিল) মামলার দীর্ঘ সময় শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

শুনানিকালে প্রধান বিচারপতি এমন কোনো মন্তব্য করেননি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংবাদ প্রচারে দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ‘বিভ্রান্তি’ সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্টের ‘মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন’ হয়।

আদালত সম্পর্কে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা ও এ কে এম আকরাম হোসেনকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিল তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। বৃহস্পতিবার সেই আপিল শুনানিতেই প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বলেন, ওই খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’।

তিনি বলেন, ১৮ ও ১৯ নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় থাকা ওই মামলার শুনানিতে তিনি ব্যক্তিগতভাবে অংশ নেন।

“প্রধান বিচারপতি ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’–এমন কোনো মন্তব্য করেননি।”

প্রধান বিচারপতিকে ‘ভুল’ উদ্ধৃত করে সংবাদ প্রচার করায় মর্মাহত হওয়ার কথা তুলে ধরে তিনি খবরটি প্রত্যাহারের অনুরোধ করেন।

পরে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির বক্তব্য ‘বিকৃত, অতিরঞ্জিত ও খণ্ডিতভাবে’ প্রচার করার কথা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, “আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রতিষ্ঠানগত মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“সুতরাং, প্রধান বিচারপতির কোনো বক্তব্যকে বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাকেই ক্ষুণ্ন করে না; বরং এর মাধ্যমে সুপ্রিম কোর্টের মতো একটি মহান সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।”

বিজ্ঞপ্তিতে যেসব গণমাধ্যম, সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম এ খবর প্রচার করেছে সেগুলোকে তা প্রত্যাহার করে যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানান তিনি।

এদিন রাতে আসামিপক্ষের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বার্তা পাঠিয়ে বলেছেন, “আজকে মাননীয় প্রধান বিচারপতিকে নিয়ে একটি খবর এসেছে। আমি মামলার আইনজীবী ছিলাম। আমি এই ধরনের কোনো মন্তব্য শুনিনি। এই খবরটি বাদ দেওয়া দরকার।”