১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাষ্ট্রপক্ষ কি ঠিকমতো আসে’, কৌঁসুলিকে ট্রাইব্যুনালের প্রশ্ন

গাজী এম এইচ তামিমকে উদ্দেশ করে বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, “আপনি তো আদালতের বিরুদ্ধে কথা বলছেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:48 PM

Updated : 17 Nov 2026, 11:55 PM

বিচারকাজের গতি নিয়ে কৌঁসুলি গাজী এম এইচ তামিমের মন্তব্যের জবাবে রাষ্ট্রপক্ষের নিয়মিত আদালতে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এজলাসে বসলে কৌঁসুলি গাজী এম এইচ তামিমের সঙ্গে এ কথোপকথন হয়।

কথোপকথনের শুরুতে তামিম বলেন, “আজকে আপনাদের তিনজনকে ট্রাইব্যুনালের এজলাসে দেখে আসল ট্রাইব্যুনালের মতো দেখাচ্ছে।”

১৭ নভেম্বরকে ঐতিহাসিক দিন মন্তব্য করে তিনি বলেন, “গত বছর এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় হয়েছিল। ওই রায়ের পর ট্রাইব্যুনালে আর মাত্র দুটি মামলার রায় হয়েছে, যা তুলনামূলক কম বলে মনে হচ্ছে।”

তখন ট্রাইব্যুনালের বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, “ট্রাইব্যুনালে তো অনেকগুলো মামলার বিচার চলছে। এসব কথা বলে আপনি কী বোঝাতে চাচ্ছেন? আপনারা (প্রসিকিউশন) ঠিকমতো আসেন? আপনি তো আদালতের বিরুদ্ধে কথা বলছেন।”

জবাবে তামিম বলেন, “না, আপনাদের বিরুদ্ধে বলছি না। ট্রাইব্যুনালে আমরা না এলে তো আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।”

তখন শফিউল আলম বলেন, “আপনারাই তো ডিফেন্সের সঙ্গে টাইম পিটিশন দেন।”

তখন ‘এ কথা ঠিক নয়’ বলে মন্তব্য করেন তামিম।

এরপর কিছুটা অসন্তোষ প্রকাশ করে শফিউল আলম বলেন, “কোর্ট বলছে, এটা হয়েছে (হ্যাপেন্ড); আর আপনি বলছেন ঠিক নয়।”

মঙ্গলবার ট্রাইব্যুনালের কার্যতালিকায় চারটি মামলা ছিল। সকালে ট্রাইব্যুনালের একজন সদস্যের নেতৃত্বে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে দুপুরে বিরতি দেওয়া হয়।

বিরতির পর জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুরের একটি হত্যাকাণ্ডের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।