বল টেম্পারিংয়ের কথা ‘দলের সবাই জানত’, খাওয়াজার দাবিতে সায় আরেক অস্ট্রেলিয়ানের
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকা চ্যাড সেয়ার্স বলেছেন, মাঠ থেকে স্যান্ডপেপার সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন চ্যাড সেয়ার্স। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের এই পেসার উসমান খাওয়াজার দাবির পক্ষে কথা বলেছেন। তার বিশ্বাস, স্যান্ডপেপার ব্যবহারের কথা দলের ‘সবাই জানতেন।’
খাওয়াজা তার আত্মজীবনীতে লিখেছেন, কেপ টাউন টেস্টে সিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি দলের সবারই জানা ছিল। এমনকি আগের টেস্টেও তারা বল টেম্পারিং করেছিল বলে উল্লেখ করেন বাঁহাতি এই ওপেনার। এরপর থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে তোলপাড় পড়ে গেছে।
খাওয়াজার এই দাবিগুলোকে ‘শতভাগ সত্যি’ বলেছেন ওই ঘটনায় শাস্তি পাওয়া তিনজনের একজন ডেভিড ওয়ার্নার। কিন্তু অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। খাওয়াজার কথাগুলোকে ‘ভিত্তিহীনও’ বলেছেন ওই সফরে খেলা এই অভিজ্ঞ পেসার।
এবার বিষয়টি নিয়ে কথা বললেন জোহানেসবার্গে ওই সফরের শেষ টেস্টে খেলা সেয়ার্স। চোট পাওয়া মিচেল স্টার্কের জায়গায় সুযোগ পান তিনি। ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ওই একটি ম্যাচই খেলেন সেয়ার্স।
এসইএন রেডিওতে রোববার সেয়ার্স বলেন, নিরপেক্ষ অবস্থান থেকে সবকিছু তুলে ধরছেন তিনি।
“আমি এখন স্বস্তিতে এখানে বসে আছি এবং পুরো পরিস্থিতি যেভাবে দেখছি, আমার বিশ্বাস যে ওই দলের সবাই জানত কী ঘটছে এবং কী ব্যবহার করা হচ্ছে।
“আমার মনে হয় গণমাধ্যমে আমাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমি উসমানের পক্ষ নিচ্ছি, কারণ আমি মুখ খুলেছি এবং স্বীকার করেছি যে সম্ভবত ওটাই সত্য ছিল। কিন্তু আমি এই বিষয়ে নিরপেক্ষ। আমি কেবল আমার দিকের গল্পটা বলার চেষ্টা করছি এবং যা হয়েছিল বলে বিশ্বাস করি, সেটাই বলছি।”
ওই সিরিজের দ্বিতীয় টেস্ট হয় পোর্ট এলিজাবেথে (বর্তমান গেবেখা), যেখানে দলের দ্বাদশ খেলোয়াড় ছিলেন সেয়ার্স। ওই ম্যাচে মাঠ থেকে সিরিষ কাগজ সরানোর দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল। ক্যামেরন ব্যানক্রফট সেটি তার হাতে তুলে দিয়েছিলেন।
সিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি প্রথম কখন জানতে পেরেছিলেন, এমন প্রশ্নে সেয়ার্স বলেন, “পোর্ট এলিজাবেথে। এখন যেমনটা জানা গেছে, দুটি টেস্টে এটি ব্যবহার করা হয়েছিল। ড্রেসিংরুমে আলোচনা হচ্ছিল, কীভাবে বল রিভার্স সুইং করানো হবে এবং এ জন্য কী ব্যবহার করা হবে।
“আমি শুধু জানতাম, এটি ব্যবহার করা হবে। আমার বিশ্বাস, দলের অন্যরাও তা জানতেন। আমার ধারণা, পরিকল্পনা ছিল ক্যামেরন কাজটি সারবে। আম্পায়াররা বল মাটিতে ফেলবেন, আর সে তার কাজ করবে। স্যান্ডপেপারটি আমাকে মাঠ থেকে সরিয়ে নিতে দেওয়া হয়েছিল। এটা পরিকল্পিত কিছু ছিল না। তখন আমি শুধু পানির বোতল নিয়ে মাঠে যাওয়া খেলোয়াড় ছিলাম।”
কামিন্সের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক আরেকটি স্মৃতির কথাও তুলে ধরেন সেয়ার্স। সম্মিলিতভাবে দায় নেওয়ার বিষয়ে কোনো দলীয় বৈঠকের কথা মনে করতে পারছেন না বলে জানান কামিন্স। তবে সেয়ার্সের দাবি, কেপ টাউন টেস্টের পর এনিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল।
“কেপ টাউনের ঘটনার পর সেদিনের খেলা শেষে আমরা সবাই ড্রেসিংরুমে বসেছিলাম। সম্ভবত ৬০ থেকে ৯০ মিনিট। কী ঘটেছে এবং এরপর কী করা উচিত, তা নিয়ে আলোচনা করেছিলাম।”
খাওয়াজা তার বইয়ে বল টেম্পারিংয়ের ঘটনায় দলের সম্মিলিত অবস্থান নেওয়ার বিরোধিতা করা দুই খেলোয়াড়ের কথা লিখেছেন। তাদের কথা ‘অস্পষ্ট’ মনে আছে বলেও জানিয়েছেন সেয়ার্স। তবে তাদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে বোলারদের না জানার সুযোগ কতটা ছিল, সেই প্রশ্নেও নিজের মত দিয়েছেন সেয়ার্স। তার মতে, বোলারদের পক্ষে বিষয়টি না জানা কঠিন।
“দল হিসেবে যখন বল রিভার্স সুইং করানোর চেষ্টা করা হয়, তখন আমার মনে হয় সবাইকে তাতে যুক্ত থাকতে হয়। কারণ, মাঠে বলের ক্ষেত্রে সামান্য কিছু ভুলভাবে ঘটলেও তাৎক্ষণিকভাবে রিভার্স সুইং করা বন্ধ হয়ে যায়। তাই হ্যাঁ, যেমনটা বলেছি, বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে সবাই জানত।”
কামিন্স শুক্রবার তার ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে বলেন, সিরিষ কাগজ ব্যবহারের কথা দলের সবাই জানত- খাওয়াজার এই দাবি ‘শতভাগ ভুল।’ খাওয়াজার বিরুদ্ধে অন্যদের জীবন ও সুনাম নিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের অভিযোগও তোলেন তিনি।
সেয়ার্স অবশ্য কামিন্সের সংবাদ সম্মেলনের শুরুর অংশটুকুই দেখেছেন। খাওয়াজাকে নিয়ে কামিন্স যেভাবে কথা বলেছেন, তা ভালো লাগেনি সাবেক এই ক্রিকেটারের।
