১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

খাওয়াজার দাবি ‘ভিত্তিহীন’, কামিন্সের বক্তব্যে হতাশ ওয়ার্নার

বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে কথার লড়াই।

খাওয়াজার দাবি ‘ভিত্তিহীন’, কামিন্সের বক্তব্যে হতাশ ওয়ার্নার

(বাঁ থেকে) উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 08:36 PM

Updated : 13 Nov 2026, 08:36 PM

বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে উসমান খাওয়াজার দাবিকে উড়িয়ে দিয়েছেন প্যাট কামিন্স। সাবেক ওপেনারের মন্তব্যকে ‘শতভাগ ভুল ও পুরোপুরি ভিত্তিহীন’ বলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। কামিন্সের এমন বক্তব্যে হতাশা প্রকাশ করে খাওয়াজার পাশে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। তার মতে, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে খাওয়াজার ‘ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন’ কামিন্স।

গত মঙ্গলবার বাজারে আসা আত্মজীবনীতে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কাণ্ড নিয়ে বোমা ফাটান খাওয়াজা। সেখান তিনি বলেন, প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় টেস্টের ওই ঘটনায় জড়িত ছিল পুরো দল। এমনকি ওই ম্যাচের আগের টেস্টেও নাকি বলে সিরিষ কাগজ ব্যবহার করেছিলেন তারা।

এরপর থেকে তোলপাড় পড়ে গেছে ক্রিকেট আঙিনায়। খাওয়াজার দাবিকে উড়িয়ে দিয়েছেন তখনকার কোচ ড্যারেন লিমান। তারকা পেসার মিচেল স্টার্ক, আট বছর আগের ওই সফরে যিনি ছিলেন, তিনিও গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন। এবার কামিন্সও হাঁটলেন একই পথে।

‘সব্‌র’ নামের বইতে খাওয়াজার তোলা অভিযোগের জবাব দিতে সিডনির ক্রিকেট সেন্ট্রালে সংবাদ সম্মেলনে আসেন কামিন্স। ৬৮ মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে বল বিকৃত করতে অবৈধ পদ্ধতি ব্যবহারের বিষয়ে পুরো দল জানার যে দাবি করেছেন খাওয়াজা, তা জোরালভাবে প্রত্যাখ্যান করেন তিনি।

“সে যখন বলে আমরা সবাই জানতাম, এর অর্থ যদি এই হয় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া হচ্ছে তা আমরা জানতাম, তবে সে শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি ধারাবাহিকভাবে বলে আসছি, এমন কিছু ঘটছে তা আমি জানতাম না। তবে আমার মনে হয় উসমান আসলে এর চেয়েও অনেক বেশি গুরুতর কিছু কথা বলেছে।

“সে বলেছে, আমি এবং আরও কয়েকজন মিলে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা বা নকশা তৈরি করেছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এই সপ্তাহে যখন জানলাম যে উসমান স্বীকার করেছে, সে ক্যামকে (ব্যানক্রফট) স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিল, তখন আমি সত্যিই হতবাক হয়েছি। আমি যে উসমানকে চিনি, এ সে নয়। গত আট বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সংস্কৃতি নতুন করে গড়ে তুলতে যে উসমান দলের অংশ ছিল, এ সে নয়; আমি যে উসমানকে চিনি, সে হলে তখনই ওখানেই এটা থামিয়ে দিত। উসমান আমার বন্ধু, কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করে না।”

কামিন্স বলেন, অবৈধ পদ্ধতিতে বল বিকৃত করার কোনো পূর্বপরিকল্পনা তাদের ছিল না। শুধু তাই নয়, ওই সিরিজের দ্বিতীয় টেস্টে বল টেম্পারিং করার যে দাবি করেছেন খাওয়াজা, সেটাও অস্বীকার করেছেন তারকা পেসার কামিন্স।

নিজের পেশাদার ক্যারিয়ারে কেবল একবারই বল টেম্পারিং দেখেছেন বলে জানান কামিন্স। ক্যারিয়ারের শুরুর দিকে নিউ সাউথ ওয়েলসের এক সতীর্থ শেফিল্ড শিল্ডের ম্যাচে বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করেছিলেন। তবে কোন ম্যাচে এবং সেই খেলোয়াড় কে ছিলেন, সেটা খোলাসা করতে রাজি হননি তিনি।

“তিনি ছিলেন একজন ব্যাটসম্যান। অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন। তার নাম বলব না। মাঠে তিনি বোতলের ছিপি বের করেন। মাঠে এমন কিছু দেখার এটাই ছিল একমাত্র ঘটনা। আমি তখন ভাবছিলাম, ‘এটা তো ঠিক নয়।’ বিষয়টি সামাল দেওয়া হয়। আম্পায়াররাও জানতেন। তারা তাকে ডেকে বলেন, ‘এখনই এটা বন্ধ করতে হবে।’ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মাঠে অবৈধ কিছু করতে দেখার এটাই একমাত্র ঘটনা।”

শৈশবের বন্ধু খাওয়াজার মন্তব্যকে ‘শতভাগ সত্যি’ বলে আসছেন ওয়ার্নার। কামিন্সের বক্তব্যের পর আরও একবার খাওয়াজার পাশে দাঁড়িয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডের মাঝে ফক্স স্পোর্টসকে শুক্রবার ওয়ার্নার বলেন, “আমি এখনও উজির (খাওয়াজার) পাশে আছি এবং তার বইয়ে যা লেখা হয়েছে, সেটার পক্ষেই আছি। কারণ, সেটাই সত্যি। আমি তাকে সত্যিই সমর্থন করি।

“এই মুহূর্তে তার জন্য আমার খারাপ লাগছে। আমার মনে হচ্ছে, অধিনায়ক আজ উজির কাঁধে দায় চাপিয়ে দিয়েছেন। বিষয়টি আমাকে ভীষণ হতাশ করেছে।”