২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’

অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারিকে পুরো একটি দলের প্রতারণা বলে উল্লেখ করেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জেফ বয়কট।

‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জেফ বয়কট। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 01:10 AM

Updated : 22 Nov 2026, 01:10 AM

আট বছর আগের কেপ টাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জেফ বয়কট। তার মতে, এই ঘটনা আড়াই দশক আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে নাড়িয়ে দেওয়া হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের ঘটনার চেয়েও বড়। বিশেষ করে তখনকার অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের প্রতি তোপ দাগলেন তিনি।

ক্রিকেটে ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিতি বল টেম্পারিং কেলেঙ্কারির প্রকৃত ঘটনাপ্রবাহ নিয়ে বিতর্ক থাকলেও, স্মিথসহ আরও কজন এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। ডেভিড ওয়ার্নার যখন বলের রিভার্স সুইং পাওয়ার জন্য সিরিশ কাগজ ব্যবহারের প্রস্তাব দেন এবং ক্যামেরন ব্যানক্রফট যখন তা করার দায়িত্ব নেন, তখন স্মিথ সেখানেই উপস্থিত ছিলেন। অধিনায়ক হিসেবে তিনি বিষয়টি থামানোর বা সমর্থন করার পরিবর্তে বলেছিলেন যে, এ বিষয়ে আর কিছু তিনি জানতে চান না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এ নিজের কলামে বয়কট লিখেছেন, ২০১৮ সালের ওই ঘটনায় স্মিথের ভূমিকার কারণে ইতিহাস তার প্রতি সদয় হবে না।

“ওয়ার্নার যখন স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিল, তখনই অধিনায়ক হিসেবে স্মিথের উচিত ছিল তা থামিয়ে দেওয়া। তার এটা বলা যে, ‘আমি এ বিষয়ে কিছু জানতে চাই না’, অথচ তারপরও সবকিছু চলতে দেওয়া, প্রতারণার মাধ্যমে অন্যায্য সুবিধা নেওয়া এবং মনে করা যে, এই ঘটনার অংশ নয় বলে দায়মুক্ত হয়ে গেল- তা ভাবাই বিস্ময়কর। স্মিথের প্রতি ইতিহাসের সদয় হওয়া উচিত নয়। সে অধিনায়ক হিসেবে তার দায়িত্ব ত্যাগ করেছে।”

স্মিথ নিজেও এই ঘটনার দায় স্বীকার করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজের আরেক ক্রিকেটার উসমান খাওয়াজা সম্প্রতি তার আত্মজীবনীতে এই পুরনো বিতর্ককে পুনরায় সামনে এনেছেন। তার মতে, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিয়ে স্মিথ আসলে তার সতীর্থদের রক্ষা করার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, খাওয়াজার এমন দাবির পর থেকে ঝড় বইছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে, যার হাওয়া লেগেছে গোটা ক্রিকেট বিশ্বেই।

ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর স্মিথ এবং ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, ব্যানক্রফটকে ৯ মাস। ওয়ার্নারকে আন্তর্জাতিক এবং অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের সমস্ত নেতৃত্বের পদ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার অতিরিক্ত শাস্তিও দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অনেকের মতে, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শাস্তি ছিল বাড়াবাড়ি রকমের কঠোর। কারণ, ক্রিকেটে বল টেম্পারিংয়ের ঘটনা নতুন নয় এবং আইসিসির নিয়ম অনুযায়ী এর জন্য নির্দিষ্ট শাস্তির বিধানও আছে। তবে বয়কটের মতে, এটি ২০০০ সালের সেই ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারির চেয়েও ‘অনেক বড়’ ঘটনা, সেই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন দক্ষিণ আফ্রিকার তখনকার অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে, যিনি ম্যাচের ফলাফল প্রভাবিত করার জন্য বাজিকরদের কাছ থেকে অর্থ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছিল।

স্মিথের মতো ক্রনিয়েকেও অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তবে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

“স্যান্ডপেপার কেলেঙ্কারিটি ২৫ বছরের বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে তছনছ করে দেওয়া হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিং ঘটনার চেয়েও বড়। ক্রিকেটের ইতিহাসে আমি যা কিছু পড়েছি বা দেখেছি, তার মধ্যে এটি সবচেয়ে বড় ঘটনা-পুরো একটি দলের প্রতারণা! ক্রনিয়ের অপরাধের ক্ষেত্রে মূলত কয়েকজন জুনিয়র খেলোয়াড়কে যুক্ত করার বিষয় ছিল…

“কিন্তু স্যান্ডপেপার কাণ্ডে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল। দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সবাই এর সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন; সবাই মিলে প্রতারণার পরিকল্পনা করেছিলেন। আর ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রক্রিয়ায় কেবল তিন জন খেলোয়াড়কে সব দোষ নিজের কাঁধে নিতে দেওয়া হয়। এটা বিস্ময়কর এবং অবিশ্বাস্য যে, তারা সবাই কীভাবে এর সঙ্গে একমত হয়। বিষয়টি যে কতটা বড়, এতেই তা বোঝা যায়।”

এই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়াকেও একহাত নিয়েছেন ৮৬ বছর বয়সি বয়কট।

“এ কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা তখন কোনো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে চায়নি এবং প্রতিটি খেলোয়াড় ও কোচকে জিজ্ঞাসাবাদ করতে চায়নি। তারা ভীষণ ভয় পেয়েছিল যে, তদন্ত করলে যা বেরিয়ে আসবে, তা পুরো অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে প্রতারক হিসেবে চিহ্নিত করে দেবে।

“ক্রিকেট অস্ট্রেলিয়া জানত যে, পুরো দল যদি প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হয়, তাহলে স্পন্সররা মুখ ফিরিয়ে নেবে এবং এটি হবে জাতির জন্য এক চরম লজ্জাজনক ঘটনা। কোনো কোম্পানিই প্রতারকদের দলের সঙ্গে নিজেদের নাম জড়াতে চাইবে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি ধামাচাপা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, এই আশায় যে এটি আর কখনও মাথা চাড়া দিয়ে উঠবে না।”