রাবাদার বুনো উদযাপন এবং হৃদয়ের উইকেটের মূল্য
তাওহিদ হৃদয়ের উইকেট নেওয়ার পর কাগিসো রাবাদার খ্যাপাটে উদযাপনের পেছনের গল্প শোনালেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন।
তাওহিদ হৃদয়ের এটি স্রেফ চতুর্থ টেস্ট। কিন্তু তার উইকেটই এখন সবচেয়ে মূল্যবান! দ্বিধায় পড়ছেন তো? কাগিসো রাবাদাকে জিজ্ঞেস করুন। দক্ষিণ আফ্রিকা দলের কাছেও জানতে চাইতে পারেন। অবশ্য সরাসরি জানতে না চাইলেও চলবে। হৃদয়কে আউট করার পর রাবাদা ও তার সতীর্থদের উদযাপন টিভি পর্দায় দেখলেই বুঝে যাওয়ার কথা।
টিভি পর্দায় যা দেখা যায়নি, সেই চিত্র একটু তুলে ধরা যাক। হৃদয় আউট হওয়ার পর পেশাদারিত্বের খোলস থেকে বেরিয়ে ওয়ান্ডারার্স স্টেডিয়ামের প্রেসবক্সে তালি দিলেন এবং খানিকটা চিৎকার করে বসলেন দক্ষিণ আফ্রিকার সংবাদকর্মীদের একজন। বহু বছর ধরে সাংবাদিকতা করে আসা প্রবীণ সংবাদকর্মী কেন বোরল্যান্ড বলে উঠলেন, “আই থিংক, দ্যাটস দা গেম ফর আস…।”
হৃদয়ের উইকেটের মূল্য এমনই যে, তার আউটের সঙ্গেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে গেছে বলে মনে করছেন তারা্
সেটা একদমই অস্বাভাবিক নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের পারফরম্যান্স এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্টের প্রথম ইনিংসের শতরানের পর প্রতিপক্ষ দলগুলির জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেট হৃদয়েরটিই।
রাবাদার উদযাপন দেখেও সেটি বুঝে যাওয়ার কথা। হৃদয়কে আউট করার পর বুনো ও খ্যাপাটে ভঙ্গিতে ছুটে যান তিনি, হৃদয়ের প্রায় মুখের ওপর গিয়ে উদযাপন করেন। তার অমন উদযাপন দেখে প্রেস বক্সে বেশ চমকে যান দক্ষিণ আফ্রিকার সংবাদকর্মীরাও।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়াদের প্রতিনিধি হয়ে এলেন ডেন প্যাটারসন। তবে তার কাছেও অন্তত গোটা চারেক প্রশ্ন হলো রাবাদার ওই উদযাপন নিয়ে।
প্যাটারসন অবশ্য খেলার ভেতরের খেলার কথাও বললেন। রাবাদার বলে আউট হওয়ার আগে এই পেসারের আগের ওভারেই তাকে টানা দুই বলে বাউন্ডারি মেরেছিলেন হৃদয়। বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন, নিজের বোলিংয়ে যিনি গর্ব খুঁজে নেন, তার সেটি ভালো লাগার কথা নয়!
ফাস্ট বোলারদের চেনা জবাবকেই বেছে নেন রাবাদা। টানা দুটি বাউন্ডারি হজমের পর তিনি ছুটে গিয়ে বাউন্ডার মারেন প্রবল আক্রোসে। কিন্তু সেই ডেলিভারিতে এতটাই ক্রোধ মিশে ছিল যে, হৃদয়ের ওপর দিয়ে তো বটেই, কিপার রায়ান রিকেলটনেরও অনেক ওপর দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে।
পরের ওভারে অবশ্য ক্রোধকে আর পেয়ে বসতে দেননি রাবাদা। বরং নিজের বোলিং স্কিলের আশ্রয়ে ফিরে যান তিনি। হৃদয়ের শরীর তাক করে এমন এক শর্ট ডেলিভারি করেন, যেটির লিংখ ছিল নিখুঁত, উচ্চতা ছিল নিখুঁত, গতি ছিল উপযুক্ত। হৃদয়ের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানও কোনো জবাব পাননি। আউট হন তিনি অসহায়ভাবে।
আউট হওয়ার পর অবশ্য হৃদয়ের ভেতরের খ্যাপাটে বাঘ বেরিয়ে আসে। উদযাপন দেখে মনে হচ্ছিল, হৃদয়কে তিনি যেন কাঁচা গিলে ফেলবেন!
প্যাটারসরনের সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার একজন সংবাদকর্মীই প্রশ্ন করলেন এভাবে যে, রাবাদাকে দেখে মনে হচ্ছিল, তিনি যেন হৃদয়কে খুন করেই ফেলবেন!
প্যাটারসন তখন শোনালেন মাঠের ভেতরের গল্প। হৃদয়ের সঙ্গে রাবাদার মনস্তাত্ত্বিক লড়াইয়ের ব্যাপারটিও ফুটে উঠল সেখানে।
“আমি ওকে (রাবাদা) একটু উসকে দিতে গিয়েছিলাম। পানি পানের বিরতির সময় বলেছিলাম, ‘ওরা যে ওকে তাতিয়ে দিচ্ছে (রাবাদাকে হৃদয়ের টানা দুটি বাউন্ডারি), সেটা আমার দারুণ লাগছে।’ আর আমার মনে হয়, যখন কেউ ওকে এভাবে জাগিয়ে তোলে, তখনই যেন অন্য এক কে জি (রাবাদা) বেরিয়ে আসে।
ছেলেদের কয়েকজন বলছিল যে, ওকে (রাবাদা) এভাবে উদযাপন করতে অনেকদিনই দেখা যায়নি। তাই বলা যায়, ওরা নিশ্চিতভাবেই বাঘের গায়ে খোঁচা দিয়েছে! তবে হ্যাঁ, হৃদয় ভালো ক্রিকেটার। ওদের প্রধান ক্রিকেটারদের একজন সে, তাই ওকে আউট করে পঞ্চম উইকেটের পতন হয়েছে এবং আমাদের বেশ ভালো একটা অবস্থানে নিয়ে গেছে।”
রাবাদার অমন উদযাপন নিয়ে প্রশ্ন হলো এরপরও। সেকানে ক্রিকেটীয় ব্যাপারও উঠে এলো। প্যাটারসনের কথায় ফুটে উঠল, শুধু রাবাদা নন, হৃদয়ের উইকেট নিতে কতটা মরিয়া ছিল গোটা দক্ষিণ আফ্রিকা দলই।
“যেমনটা বললাম, (হৃদয়) একটা বড় উইকেট ছিল। এই টেস্টে অনেক উত্থান-পতন হয়েছে। রায়ান (রিকেলটন) এবং কেজির (রাবাদার) ইনিংস এবং আপনারা দেখতেই পাচ্ছিলেন যে, সে (রাবাদা) আজকের চ্যালেঞ্জের জন্য তৈরি ছিল। তাই তার উইকেটটা পাওয়া আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। আপনারা দেখতেই পেয়েছেন, পুরো দল কীভাবে উদযাপন করেছে, কারণ আমরা (হৃদয়ের) উইকেটের গুরুত্ব জানতাম।”
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নেওয়ার পর বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছে ৫ উইকেটে ১০০ রানে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। বাইরে স্বীকৃত ব্যাটিং জানাদের মধ্যে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিক দলও তা জানে। তবে এখনই অতি রোমাঞ্চিত না হয়ে প্রক্রিয়া অনুসরণ করতে চান তারা।
“আমাদের এখনও আরও একটা উইকেট নিতে হবে এবং তারপর লেজের ব্যাটসম্যানদের পালা। কিন্তু অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে। আমার মনে হয়, বোলিং ইউনিট হিসেবে আমরা আজ অনেক কাজ করেছি। তাই হ্যাঁ, আশা করি আগামীকাল সকালে সেই কাজের ফল আমরা পাব।”
