হৃদয়-লিটনের নান্দনিক জুটিতে বাংলাদেশের দারুণ দিন
তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও লিটন কুমার দাসের নব্বইছোঁয়া ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করেছে বাংলাদেশ।
প্রথম বলেই ড্রেসিং রুমে অভিষিক্ত মাহফিজুল ইসলাম। কিছু বুঝে ওঠার আগে একই পথে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। চোখরাঙানি দিতে শুরু করল দক্ষিণ আফ্রিকায় আগের চার সফরের সব দুঃসহ স্মৃতি। তবে সেগুলো ফিরতে দেননি তানজিদ হাসান, তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।
সকালের সূর্য সবসময় যে গোধূলির ইঙ্গিত দেয় না, জোহানেসবার্গে সেটি আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। প্রবল চাপের মুখে চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশকে স্বপ্নময় এক দিনই উপহার দিলেন তারা।
কাগিসো রাবাদার তোপ সামলে প্রথম দিন বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২৭ রান। ছন্দময় পথচলায় আবার শতরানের উষ্ণছোঁয়া পেলেন হৃদয়। দিনের শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন ১৩৭ রান। নান্দনিক ব্যাটিংয়ে লিটন অপরাজিত ৯২ রান।
দুজন মিলে গড়েছেন প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। হৃদয়-লিটনের জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ রানও করে ফেলেছে বাংলাদেশ। ২০১৫ সালে চট্টগ্রাম টেস্টে তারা করেছিল ৩২৬ রান। আর প্রোটিয়াদের মাঠে তাদের আগের সর্বোচ্চ ছিল পচেফস্ট্রুমে ২০১৭ সালে করা ৩২০ রান।
দ্বিতীয় সেশনে হৃদয়-লিটন জুটি শুরুর আগে প্রাথমিক প্রতিরোধটা গড়েন তানজিদ। স্বভাবসুলভ ইতিবাচক ব্যাটিংয়ে পথ দেখান বাঁহাতি ওপেনার। সম্ভাবনাময় ইনিংসকে অবশ্য বেশি বড় করতে পারেননি। ১২ চারে ১০৮ বলে ৬৭ রান করে ফেরেন তিনি।
পেস সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার চার পেসারের সম্ভাব্য চ্যালেঞ্জ মাথায় রেখেই টস জিতে আগে ব্যাটিং নেন নাজমুল হোসেন শান্ত। এর আগে মাহফিজুল ইসলামের মাথায় তুলে দেওয়া হয় দেশের ১১২ নম্বর টেস্ট ক্যাপ। তবে অভিষেক ইনিংস একদম মনে রাখতে চাইবেন না তরুণ ওপেনার।
চকচকে নতুন বল হাতে পেয়ে বাংলাদেশের ব্যাটিং নাড়িয়ে দেন রাবাদা। প্রথম বলেই অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাট এগিয়ে দিয়ে গালিতে ধরা পড়েন মাহফিজুল। টেস্ট অভিষেকে প্রথম বলে আউট হওয়া দেশের প্রথম স্বীকৃত ব্যাটসম্যান তিনি। আগের তিনজনই বোলার ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যান।
রাবাদার পরের ওভারে ফুল লেংথ ডেলিভারি খোঁচা মেরে কট বিহাইন্ড হন মুমিনুল হক। তিনিও রানের খাতা খুলতে পারেননি।
বিপর্যয় সামাল দেওয়ার অভিযানে জোড়া বাউন্ডারি মেরে ইতিবাচক বার্তা দেন শান্ত। তবে তাকেও বেশি সময় টিকতে দেননি রাবাদা। নবম ওভারের শেষ বলে ভেতরে ঢোকানো দুর্দান্ত ডেলিভারিতে বাংলাদেশ অধিনায়কের অফ স্টাম্প উড়ে দেন অভিজ্ঞ পেসার।
মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে তখন তুমুল চাপে সফরকারীরা। স্রোতের বিপরীতে প্রতিরোধের মিশনে নামেন হৃদয় ও তানজিদ। তাদের শুরুটাও সহজ ছিল না। শুরুতেই এলবিডব্লিউর একাধিক আবেদনে উইকেটের বাড়তি বাউন্সের কারণে বেঁচে যান হৃদয়। আর তানজিদের ব্যাটের কানায় লেগে যাওয়া বল অল্পের জন্য যায়নি ফিল্ডারদের কাছে।
শুরুর কঠিন সময় পার করে ক্রমেই ছন্দ খুঁজে নেন দুই ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর উইকেট পড়তে দেননি তারা। ইতিবাচক ব্যাটিংয়ে ৭৪ বলেই তারা পূর্ণ করেন জুটির পঞ্চাশ রান। সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথমবার খেলতে নামা তানজিদ ব্যক্তিগত পঞ্চাশও করেন ঠিক ৭৪ বলেই।
দ্বিতীয় সেশনেও শুরুটা ভালো করেন অপরাজিত দুই ব্যাটসম্যান। রাবাদার বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন তানজিদ। ডেইন প্যাটারসনের বলে ফ্লিক করে সীমানায় পাঠান হৃদয়। নিয়মিত বাউন্ডারিতে তরতর করতে বাড়তে থাকে রান।
এর পরেই আবার রাবাদার জোড়া আঘাত। ৩৫তম ওভারে তার খানিক টেনে করা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন তানজিদ। তবে ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে আসে স্টাম্পে, থেমে যায় বাঁহাতি ওপেনারের চমৎকার ইনিংস। তার বিদায়ে ভাঙে ৯৯ রানের জুটি।
ছয় নম্বরে নামেন সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু প্রথম বলেই ফিরে যান ড্রেসিং রুমে। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি খেলার চেষ্টা করেন মুশফিক। বাইরের কানায় লেগে ধরা পড়েন তৃতীয় স্লিপে। পূর্ণ হয় রাবাদার ক্যারিয়ারের ১৮তম ৫ উইকেট।
১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফের বিপদে বাংলাদেশ। তখনই কাজে লেগে যায় বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে নামার সিদ্ধান্ত। দিনের পরবর্তী সময়ে স্বাগতিক বোলার-ফিল্ডারদের হতাশায় ডুবিয়ে বিশাল জুটি গড়েন হৃদয় ও লিটন।
তানজিদের সঙ্গে জুটিতেই উইকেটে থিতু হন হৃদয়। ক্রিজে গিয়ে একদম সময় নেননি লিটন। দুজনের মেলবন্ধনে অনায়াসে বাড়তে থাকে রান। চা বিরতির আগে সাবলীল ব্যাটিংয়ে দুজন মিলে ১১২ বলে যোগ করেন ৬৩ রান।
বিরতিতে যাওয়ার আগে ঠিক ১০০ বলে ফিফটি করেন হৃদয়। এ নিয়ে টেস্ট ক্রিকেটে টানা তিন ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংসের দেখা পেলেন তিনি। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসে তিনি করেন অপরাজিত ২৪২ ও ৮২ রান।
শেষ সেশনে ফিরে জুটি ভাঙতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই রাবাদার বলে হৃদয়ের বিপক্ষে জোরাল আবেদন করে এলবিডব্লিউর। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় স্বাগতিকরা। তবে বৃথাই যায় সেটি।
তিন ওভার পর আবার রাবাদার বলে হৃদয়ের বিপক্ষে এলবিডব্লিউর জোরাল আবেদন। এবারও আরেকটি রিভিউ হারায় দক্ষিণ আফ্রিকা।
চা বিরতির পর সাইমন হার্মারের করা প্রথম ওভারে রীতিমতো ছেলেখেলা করেন লিটন। প্রথমে চমৎকার সুইপ শটে মারেন বাউন্ডারি। পরের বলে এলবিডব্লিউর আবেদন করে সাড়া পাননি হার্মার। ঠিক পরের ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে আলতো ছোঁয়ায় ওয়াইড লং অন দিয়ে বাউন্ডারি মারেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।
এর আগের ওভারেই ফিফটি তুলে নেন লিটন। পরে দেখেশুনে দলের রান বাড়াতে থাকেন দুজন। জুটি ভাঙার চেষ্টায় বারবার বোলার পরিবর্তন কিংবা ফিল্ডিংয়ে অভিনবত্ব এনেও সুবিধা করতে পারেননি টেম্বা বাভুমা। রাবাদা, মার্কো ইয়ানসেনদের শর্ট বল পরিকল্পনাও ভালোভাবে সামলে নেন হৃদয় ও লিটন।
দিনের শেষ ঘণ্টায় গিয়ে প্যাটারসনের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। চার টেস্ট ও সাত ইনিংসের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
বাংলাদেশের ব্যাটসম্যানদের দক্ষিণ আফ্রিকার মাঠে তার আগে সেঞ্চুরি করতে পেরেছেন শুধু মাহমুদুল হাসান জয়। ডারবানে ২০২২ সালের সফরে ১৩৭ রান করেছিলেন তরুণ ওপেনার।
তিন অঙ্ক ছোঁয়ার পর হঠাৎ আগ্রাসী হয়ে ওঠে হৃদয়ের ব্যাট। প্যাটারসনের বলে মারেন পরপর দুই চার। হার্মারকে নতুন ওভারে স্বাগত জানান লং অন দিয়ে মারা ছক্কায়। তাতে ক্যারিয়ারের পাঁচশ রানও পূর্ণ হয় হৃদয়ের। ওভারের পরের দুই বলে চার মারেন হৃদয়। সব মিলিয়ে হার্মার খরচ করেন ১৯ রান।
৮০ ওভার শেষে দ্বিতীয় নতুন বল নিয়ে শরীর বরাবর শর্ট বলের পরিকল্পনা সাজিয়ে হৃদয়কে বেকায়দায় ফেলেন রাবাদা ও ইয়ানসেন। গায়ে বলের আঘাতে একাধিকবার ফিজিওর শুশ্রূষা নিতে হয় সেঞ্চুরি করা ব্যাটসম্যানের।
শেষ পর্যন্ত সফলও হন ইয়ানসেন। দিনের একদম শেষ বলে তার ভেতরে ঢোকানো ফুলটস ডেলিভারি অন সাইডে খেলতে গিয়ে মিস করে বসেন হৃদয়। বল প্যাডে লাগতেই উঠে যায় আম্পায়ারের আঙুল। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন দলকে বিপদ থেকে টেনে তোলা হৃদয়।
তার বিদায়ে ভাঙে ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আগের রেকর্ড ছিল ২০২৪ সালের মিরপুর টেস্টে জাকের আলি ও মেহেদী হাসান মিরাজের সপ্তম উইকেটে ১৩৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ৩২৭/৬ (মাহফিজুল ০, তানজিদ ৬৭, মুমিনুল ০, শান্ত ১২, হৃদয় ১৩৭, মুশফিক ৯২*; রাবাদা ১৭-৩-৫১-৫, ইয়ানসেন ১৮-২-৫৪-১, প্যাটারসন ১৭-৫-৬৮-০, মুল্ডার ১৫-০-৫৩-০, হার্মার ১৬-০-৮৩, মার্করাম ১-০-১-০)
