ব্যাটিং বিভীষিকার পর বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া বাংলাদেশ
পেস সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি শান্ত-হৃদয়রা, পরে হতাশ করেন বোলার-ফিল্ডাররাও।
সকাল থেকে একটু পরপর বৃষ্টি, কখনও মুষলধারে, কখনও গুঁড়িগুঁড়ি। পুরোটা সময় কাভারে ঢাকা রইল উইকেট। এমন পরিস্থিতিতে নিশ্চিতভাবেই বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নামতে চাইবে না কোনো দল। কয়েনভাগ্য পাশে না পাওয়ায় সেটিই করতে হলো বাংলাদেশের। হলোও যা হওয়ার তা-ই। ব্যাটিংয়ে বিব্রতকর রেকর্ডের পর, বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া রইল সফরকারীরা।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কের উইকেট-কন্ডিশন বরাবরই পেস সহায়ক। আগের মতোই চার পেসার নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের গতির ঝড় কিংবা অপ্রতিরোধ্য কোনো ডেলিভারিতে নয়, বরং নিজেদের ভুলেই একের পর এক উইকেট হারায় বাংলাদেশ।
সোমবার দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দিনের বাকি অংশে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮৮ রান।
সেঞ্চুরিয়নে এই প্রথম ১০০ করার আগেই অলআউট হলো কোনো দল। ২০১৬ সালে ইংল্যান্ডকে ১০১ রানে গুঁড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এতদিন সেটিই ছিল এই মাঠের সর্বনিম্ন দলীয় স্কোর।
ব্যাটিংয়ের হতাশা কাটিয়ে কিছুটা স্বস্তিতে দিন শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু একটি রিভিউ না নিয়ে ও একটি সহজ ক্যাচ ছেড়ে দিয়ে স্বাগতিকদের চেপে বসার পথ করে দেয় নাজমুল হোসেন শান্তর দল।
টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা ৪০ মিনিট পর শুরু হয় খেলা। সেটি পুষিয়ে নিতে দিনের পূর্ব নির্ধারিত সময়ের চেয়েও ৭৫ মিনিট বেশি খেলা চালিয়ে নেন আম্পায়াররা। তবু সারা দিনে ৫০.৩ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।
আগের ম্যাচের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে চার পেসারের একাদশ সাজায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালের কেয়ার্ন্স টেস্টের পর এই প্রথম একাদশে দেখা মিলল চার বিশেষজ্ঞ পেসারের। ওই ম্যাচেই সবশেষ বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলেছিল তারা।
মুশফিকুর রহিমের চোটে সুযোগ পেয়ে কিছুই করতে পারেননি জাকের আলি। দক্ষিণ আফ্রিকার মাঠে টানা ব্যর্থতার পরও একাদশে টিকে গিয়ে আবার হতাশ করেন মুমিনুল হক।
টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ধরা পড়েন তানজিদ হাসান। একই বোলারের বিপক্ষে উইকেট হারাতে পারতেন তিন নম্বরে নামা মুমিনুলও। তবে ২ রানে থাকতে গালিতে ক্যাচ দিয়েও বেঁচে যান অভিজ্ঞ ব্যাটার।
পরে স্বাগতিকদের এলোমেলো বোলিং ও নিজেদের ভাগ্যের ওপর সওয়ার হয়ে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করেন মুমিনুল ও তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ জুটি।
সেশনের পানি বিরতির আগে আনরিখ নরকিয়ার গতিময় ডেলিভারিতে প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলেন মাহফিজুল। তাতেই সর্বনাশ। ব্যাট ফাঁকি দিয়ে প্যাড ঘেঁষে স্টাম্প এলোমেলো করে দেয় বল। সমাপ্তি ঘটে মাহফিজুলের অস্বস্তিময় ২৩ রানের ইনিংসের।
এক বল পর ফুল লেংথ ডেলিভারিতে ভুল লাইনে ব্যাট এগিয়ে দিয়ে বোল্ড হন শান্ত।
পঞ্চাশের আগে তিন উইকেট হারিয়ে প্রতিরোধের চেষ্টা করেন মুমিনুল ও তাওহিদ হৃদয়। কিন্তু বেশি বড় হয়নি এই জুটিও। ভিয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্টাম্পে টানেন মুমিনুল। প্রোটিয়াদের মাঠে আগে ছয় ইনিংস পর দুই অঙ্ক স্পর্শ করলেও, ১৮ রানের বেশি করা হয়নি তার।
মুমিনুলের বিদায়ে ক্রিজে যোগ হন আগের ম্যাচে রেকর্ড জুটি গড়া হৃদয় ও লিটন কুমার দাস। এবার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি লিটন। ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের বলে অহেতুক ব্যাট চালিয়ে গালিতে ধরা পড়েন কিপার-ব্যাটার।
চা বিরতির ঠিক আগের ওভারে সাইমন হার্মারের বলে ছক্কা ও চার মেরে পাল্টা আক্রমণের আভাস দেন হৃদয়। ওভারের শেষ বলে অতি আগ্রাসী হওয়ার খেসারতই দিতে হয় তাকে। ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে স্লিপে ধরা পড়েন ছন্দে থাকা ব্যাটসম্যান।
শেষ সেশনে ৩৩ বলের মধ্যে বাকি ৪ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় স্রেফ ৬ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন রাবাদা ও ইয়ানসেন।
ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ছিল নড়বড়ে। দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হতে বসেছিলেন এইডেন মার্করাম। রিভিউ নিয়ে বাঁচেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।
পরের ওভারে মার্কেস অ্যাকারম্যানের বিপক্ষে রিভিউ না নিয়ে হতাশায় পোড়ে বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায়, তাসকিন আহমেদের লেগ স্টাম্পে পিচ করা ডেলিভারি আঘাত করত লেগ স্টাম্পে। অর্থাৎ রিভিউ নিলে ১ রানে বিদায়ঘণ্টা বেজে যেতে অ্যাকারম্যানের।
জীবন পেয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন বাঁহাতি ওপেনার। তার একের পর এক বাউন্ডারিতে স্বাগতিকদের রান রেট উঠে যায় ছয়ের ওপরে।
স্রোতের বিপরীতে দশম ওভারে হঠাৎই সাফল্য পেয়ে যায় বাংলাদেশ। আক্রমণে এসে প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে শর্ট বল করেন ইবাদত হোসেন চৌধুরি। আলগা ডেলিভারি পেয়ে অন সাইডে পুল করার চেষ্টায় ব্যাটের কানায় লেগে উল্টো কট বিহাইন্ড হন ২১ রান করা মার্করাম।
পরের ওভারে তিন নম্বরে নামা জুবেইর হামজাকেও ফেরাতে পারত বাংলাদেশ। কিন্তু একাদশে ফেরা সৈয়দ খালেদ আহমেদের বলে প্রথম স্লিপে সহজ ক্যাচ ছেড়ে দেন তাওহিদ হৃদয়।
পরের ছয় ওভারে আরও ৩৭ রান করে বাংলাদেশের হতাশা বাড়ান দুই ব্যাটসম্যান। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪৬ রানে অপরাজিত অ্যাকারম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩.৩ ওভারে ৯১ (তানজিদ ৩, মাহফিজুল ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জ্কের ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, ইবাদত ০*; রাবাদা ৯-৪-২৩-৩, ইয়ানসেন ১০.৩-৪-১৭-৩, নরকিয়া ৬-৩-১০-২, মুল্ডার ৬-০-১৫-১, হার্মার ২-০-১৭-১)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৭ ওভারে ৮৮/১ (মার্করাম ২১, অ্যাকারম্যান ৪৬*, হামজা ৯*; তাসকিন ৪-১-২০-০, শরিফুল ৪-০-২৯-০, খালেদ ৫-১-২০-০, ইবাদত ৪-০-১৯-১)
