২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

২০১৮ সালের পুরোনো মানহানির মামলায় বিপাকে ভারতীয় এই ইউটিউবার। বারবার সমন ও জামিনযোগ্য পরোয়ানা এড়িয়ে যাওয়ায় এবার রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত।

ভারতে এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

ধ্রুব রাঠি। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 10:44 PM

Updated : 23 Nov 2026, 10:44 PM

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার জারি হয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী নয়াদিল্লির একটি আদালত সোমবার ২০১৮ সালের একটি মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডের দায়ের করা মামলায় বিচারক অনাম রাইস খান এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে। এ বিষয়ে আদালতের বিস্তারিত আদেশ এখনো পাওয়া যায়নি।এর আগে গত ৩১ অক্টোবর, আদালত রাঠির বিরুদ্ধে নতুন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

এরও আগে ১৭ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। ওই সময় আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান, ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ ছিল। পরে আদালত হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেয়।

ধ্রুব রাঠির আইনজীবী আদালতে জানিয়েছিলেন, রাঠি সাধারণত অস্ট্রিয়ায় থাকেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি ভারতে গিয়েছিলেন।

আদালত উল্লেখ করেছে, এই মামলায় ধ্রুব রাঠিকে প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে।

২০১৮ সালে বিকাশ পাণ্ডের দায়ের করা মানহানির অভিযোগের ভিত্তিতে মামলাটি পরিচালিত হচ্ছে। ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পাণ্ডের বিরুদ্ধে একটি ভিডিও আপলোড করার পর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

বিকাশ পাণ্ডের অভিযোগ, ওই ভিডিওতে তাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন ধ্রুব রাঠি। ফলে সামাজিকভাবে তার চরম মানহানি হয়েছে।

২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে ওই ভিডিও প্রকাশ করেন।

সেই ভিডিয়োতে ধ্রুব অভিযোগ করেন, বিজেপির আইটি সেল এর সদস্যরা বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন, যাতে তিনি ধ্রুব রাঠির বিরুদ্ধে প্রচার চালান। যদিও বিকাশ পাণ্ডে এই অভিযোগ অস্বীকার করেছেন।

তার দাবি ছিল, ভিডিওতে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। সেই কারণে সম্মানহানি হয়েছে। সেকারণে ধ্রুব রাঠির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন বিকাশ।

ধ্রুব রাঠি ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি বা পদক্ষেপের সমালোচনা করে ভিডিও তৈরি করতে দেখা গেছে তাকে। সম্প্রতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি।

২০১৮ সালের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এমনকী তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ভিডিও শেয়ার করেছিলেন।