হতাশাময় ফিল্ডিং-ব্যাটিংয়ে শঙ্কায় বাংলাদেশ
বল হাতে আগের দিন খানিক সম্ভাবনা জাগালেও বুধবার হতশ্রী পারফরম্যান্সে কোণঠাসা বাংলাদেশ।
আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির শঙ্কা। সকালে মিলল না রোদের দেখা। মেঘের আবরণের নিচে ফিল্ডিং করতে নেমে অনুজ্জ্বল প্রথম সেশনই পার করল বাংলাদেশ। দুপুরের দিকে সূর্য হাসলেও, ব্যাট হাতে রঙিন কিছু করতে পারল না সফরকারীরা। ফলে এখন জেঁকে বসেছে পরাজয়ের শঙ্কা।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো বুধবারও হানা দিয়েছে বৃষ্টি-বজ্রপাত। তবে তার আগে খেলা হওয়া ৬৮.৩ ওভারেই ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট বাকি রেখে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৫৭ রান।
সকালের সেশনে বাংলাদেশের হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে বাকি থাকা ৩ উইকেটে ১৭১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে ৫৫৭ রানে অল আউট হয়ে তারা পায় ১৫৭ রানের লিড। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।
বুধবার সকালে দ্বিতীয় নতুন বলের বয়স ছিল ৭ ওভার। কিন্তু এর কোনো সুবিধাই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে স্বাগতিকদের রান বাড়াতে থাকেন রিকেলটন ও রাবাদা। তৃতীয় ওভারেই লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
হাসান মাহমুদ ও ইবাদত হোসেনের বলে নিয়মিতই বাউন্ডারি মেরে ওভারপ্রতি প্রায় পাঁচ গড়ে রান নিতে থাকেন দুই ব্যাটসম্যান। পরে আক্রমণে এসে পানি বিরতির ঠিক পরের ওভারে সুযোগ তৈরি করেন তাসকিন আহমেদ।
স্লিপে দাঁড়িয়ে রাবাদার ক্যাচ ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। উল্টো বাউন্ডারি পেয়ে যান ৩৮ রানে থাকা রাবাদা। তখন ক্যাচটি নিতে পারলেও ৭৪ রানে থেমে যেত অষ্টম উইকেট জুটি। জীবন পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করেন রাবাদা।
অন্য প্রান্তে রিকেলটন পেয়ে যান ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ। তিন অঙ্ক ছুঁয়ে অবশ্য বেশিক্ষণ আর টিকতে পারেননি কিপার-ব্যাটার। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হয়ে ফেরেন ১৩ চারে ১০২ রান করা বাঁহাতি ব্যাটসম্যান। তার বিদায়ে ভাঙে ১১৭ রানের জুটি।
রিকেলটন ফিরলে আবার ব্যাটিংয়ে যান আগের দিন ৪৯ রানে উঠে যাওয়া টেম্বা বাভুমা।
মিরাজের পরের ওভারে পরপর দুই ছক্কা মেরে ক্যারিয়ার সেরা স্কোরে পৌঁছান রাবাদা। টানা তৃতীয় ছক্কা মারতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তিনি। ব্যাটে-বলে সংযোগ না হলে স্টাম্পের পেছনে বাকি কাজ অনায়াসে সারেন লিটন কুমার দাস।
১০ চার ও ২ ছক্কায় ৭২ রান করেন রাবাদা। তাকে স্টাম্পিং করে অষ্টম ডিসমিসাল পান লিটন। দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এটি। এর আগে পাঁচজনের ছিল সাতটি করে ক্যাচের রেকর্ড। তাদের ছাড়িয়ে ছয় ক্যাচ ও দুই স্টাম্পিং করেন লিটন।
এরপর পাল্টা আক্রমণ করেন ১১ নম্বরে নামা ডেইন প্যাটারসন। তাকে অবশ্য বোল্ড করেন হাসান। কিন্তু ওভার স্টেপিংয়ের 'নো' বল করায় বেঁচে যান ১১ রানে থাকা প্যাটারসন। জীবন পেয়ে আরও আগ্রাসী হন তিনি। মুমিনুল হকের বলে ছক্কার পর হাসানের বলে মারেন বাউন্ডারি।
শেষ পর্যন্ত ইবাদতের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন দুটি করে চার-ছক্কায় ২৭ বলে ২৯ রান করা প্যাটারসন। অন্য প্রান্তে ৬৮ রানে অপরাজিত থেকে যান বাভুমা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান।
বড় লিড হজম করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটাও বেশ বাজে। অষ্টম ওভারে ইয়ানসেনের বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হন তানজিদ হাসান। এর আগেই অবশ্য একবার আম্পায়ার্স কলের সৌজন্যে বেঁচে যান তিনি। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি।
আরেক ওপেনার মাহফিজুল ইসলাম তৃতীয় ওভারে রিভিউ নিয়ে বাঁচান নিজের উইকেট। পরের ওভারে স্লিপে ক্যাচ দিলেও সেটি হাতে রাখতে পারেননি ভিয়ান মুল্ডার। এরপরও থিতু হতে পারেননি ঠিকঠাক। বেশ কয়েকবার ব্যাটের কানায় লেগে পান বাউন্ডারি।
অন্য প্রান্তে অবশ্য যথাযথ সমর্থনও পাননি অভিষিক্ত ওপেনার। তানজিদের বিদায়ের পরের ওভারেই রাবাদার অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন মুমিনুল হক। আগের ইনিংসে শূন্যের পর এবার তার সংগ্রহ ১ রান।
দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে টানা সাত ইনিংসে দুই অঙ্ক ছোঁয়ার আগে ফিরলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। সব মিলিয়ে প্রোটিয়াদের মাঠে ১০ ইনিংসে স্রেফ ১০.৬০ গড়ে তার সংগ্রহ ১০৬ রান।
পরে মাহফিজুলকে নিয়ে শুরু হয় শান্তর লড়াই। দুজন মিলে উইকেট আকড়ে থাকার পরিকল্পনা নেন। তাতে বেশ কয়েকবার ব্যাটের কানা কিংবা শরীরে বলের আঘাত রাখলেও পেসারদের আক্রমণ সামলে নেন তারা।
সাইমন হার্মার আক্রমণে আসতেই ঘটে বিপদ। দ্বিতীয় বলে বাড়তি বাউন্স করা ডেলিভারি গ্লাভসে লেগে স্লিপে ধরা পড়েন ৪২ বলে ১১ রান করা শান্ত।
চা বিরতির আগে আর উইকেট পড়তে দেননি মাহফিজুল ও তাওহিদ হৃদয়। হার্মারের বলে দারুণ সুইপ শটে ছক্কা মেরে দলের পঞ্চাশ পূর্ণ করেন মাহফিজুল।
তৃতীয় সেশনে ফিরে যেন সেই ছক্কারই জবাব দেন হার্মার। অফ স্টাম্পের বাইরে চমৎকার অফ ব্রেকে মাহফিজুলের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প খুঁজে নেন অভিজ্ঞ এই অফ স্পিনার। প্রথম ইনিংসে বিব্রতকর রেকর্ডের পর এবার ৩২ রান করেন মাহফিজুল।
এরপর রাবাদার সঙ্গে লড়াইয়ে নামেন হৃদয়। নতুন ওভারে পরপর দুই বলে আপার কাট করে বাউন্ডারি মারেন তিনি। জবাব দিতে ১৫০ কিমি প্রতি ঘণ্টার বাউন্সার ছোঁড়েন রাবাদা। তবে সেটি হৃদয়ের ব্যাট ও রিকেলটনের গ্লাভস ফাঁকি দিয়ে চলে যায় সীমানায়। তাতে যেন আরও ক্ষেপে যান রাবাদা।
পরের ওভারে বোলিংয়ে এসে হৃদয়ের শরীর বরাবর আরেকটি গতিময় বাউন্সার করেন অভিজ্ঞ পেসার। সময়মতো প্রতিক্রিয়া দেখাতে পারেননি হৃদয়। ব্যাটের হাতলের অংশে লেগে বল উঠে যায় ওপরে। কিছুটা পিছিয়ে অনায়াসে ক্যাচ নেন রিকেলটন।
মাত্র ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। এরপর আর খেলা হতে পারে স্রেফ ১৯ বল। তাতে বিপদ ঘটতে দেননি মুশফিকুর রহিম ও লিটন।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৩৮৬/৭) ১২৪.১ ওভারে ৫৫৭ (বাভুমা ৬৮*, রিকেলটন ১০২, রাবাদা ৭২, প্যাটারসন ২৯; তাসকিন ২৮-৪-১২৪-২, হাসান ৩০.৪-৩-১১৮-৪, ইবাদত ১৪.১-২-৬০-১, মিরাজ ৩৫.২-৪-১৬৫-২, মুমিনুল ১৬-১-৭২-১)
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৪.২ ওভারে ১০০/৫ (তানজিদ ৪, মাহফিজুল ৩২, মুমিনুল ১, শান্ত ১১, হৃদয় ২৩, মুশফিক ৫*, লিটন ১২*; রাবাদা ১১-৫-২৯-২, ইয়ানসেন ৫-২-৭-১, প্যাটারসন ৬-১-১৪-১, হার্মার ৬.২-১-৩০-২, মার্করাম ১-০-৩-০)
