15 Nov 2026, 01:29 PM
১১২তম টেস্ট ক্রিকেটার মাহফিজুল
দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটের সুবাস পেয়ে গেলেন মাহফিজুল ইসলাম। জোহানেসবার্গ টেস্টে তরুণ ওপেনারের অভিষেক করাল বাংলাদেশ। এই সংস্করণে দেশের ১১২তম ক্রিকেটার তিনি।
চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পান মাহফিজুল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ২২ বছর বয়সী ওপেনার করেন ৬৭২ রান।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৩.৬৭ গড়ে তার সংগ্রহ ১ হাজার ১৪৫ রান। তিন ফিফটির সঙ্গে চারটি সেঞ্চুরি করেছেন তিনি।
15 Nov 2026, 01:27 PM
ঘুরে দাঁড়ানোর অভিযানে সামনে দক্ষিণ আফ্রিকা
ডারউইনে ঐতিহাসিক সাফল্যের পর কোনো সংস্করণেই নেই জয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ। তাতে বড়সড় ধাক্কা লেগেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।
সাম্প্রতিক হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের পরিসংখ্যান খুব নাজুক। এখন পর্যন্ত খেলা আট টেস্টের পাঁচটিই তারা হেরেছে ইনিংস ব্যবধানে। বাকি তিনটিতে পরাজয় ২২০, ৩৩২ ও ৩৩৩ রানে।
নতুন সিরিজেও কঠিন পরীক্ষাই দিতে হবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের, লিখতে হবে নতুন কোনো গল্প। তা করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপেও বেঁচে থাকবে ফাইনাল খেলার সম্ভাবনা।
15 Nov 2026, 01:27 PM
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গ টেস্টের প্রথম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।