হৃদয়ের ম্যারাথন ব্যাটিং এবং প্রোটিয়া কোচের ‘ল অব অ্যাভারেজ’ আশা
পচেফস্ট্রুমে অপরাজিত ৩৫০ ও সিলেটে ২৪২ রানের ইনিংসের পর তাওহিদ হৃদয়ের এখন ব্যর্থতার সময় চলে এসেছে, মজা করে বললেন দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড।
তাওহিদ হৃদয়কে যেন ব্যাটিংয়ের নেশায় পেয়েছে, সেটা ম্যাচে হোক বা নেটে!
সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি ব্যাট করেছেন ৬৪৬ মিনিট। এক টেস্টে যা বাংলদেশের রেকর্ড। সেদিন রাতেই ঢাকায় ফিরে একটি দিন বিশ্রাম নিতে পেরেছেন। পরদিন রওনা হয়েছে দক্ষিণ আফ্রিকার পথে। জোহানেসবার্গে পৌঁছেছেন বৃহস্পতিবার ভোরে। ক্লান্তি-শ্রান্তির কারণে বিশ্রাম নিতে পারতেন অনায়াসেই। কিন্তু সকালে হোটেলে পৌঁছে ঠিকই দুপুরে দলের সঙ্গে চলে এসেছেন অনুশীলনে। গা গরমের ফুটবল ম্যাচে এমনভাবে খেললেন, যেন এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে জীবন-মরণ। পরে সবার আগে নেটে ব্যাটিংয়ে গেলেন যে চারজন, তাদের মধ্যে একজন তিনিই!
যথারীতি এখানেও ব্যাট করলেন লম্বা সময়। এই সিরিজের জন্য দলের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইনের সঙ্গেও কাজ করলেন কিছুক্ষণ। সবকিছুর ফাঁকে কিছুক্ষণ জিরিয়ে নিলেন নেটের পাশে বসে। পরে আবার দ্বিতীয় দফায় চলল ব্যাটিং। হৃদয়ের ব্যাটিং যেন চলছে তো চলছেই!
এই ব্যাপারটিকে যেন অন্য উচ্চতায় তুলে নিলেন শুক্রি কনরাড। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ তিনি। পচেফস্ট্রুমে গত অগাস্টে হৃদয়ের ৩৫০ রানের অপরাজিত ইনিংসটির কথা মনে করে প্রোটিয়া কোচ বললেন, ওই ম্যাচটি শেষ না হলে হৃদয় হয়তো এখনও ব্যাট করেই যেতেন!
ওই ম্যাচে আসলে হৃদয় এমন ব্যাট করছিলেন যে, তাকে থামানোর কেউ মনে হয় ছিল না। থেমেছিলেন তিনি নিজেই। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ক্রিজে যখন গিয়েছিলেন, দ্রুত দুটি উইকেট হারিয়ে দল ছিল বিপদে। এরপর এমন ম্যারাথন শুরু করেছিলেন, সেটির শেষ বলে যেন কিছু ছিল না। ২৭ চার ও ১০ ছক্কায় ৪৮১ বলে বাংলাদেশের রেকর্ড ৩৫০ রান করে তিনি মাঠ ছাড়েন দলের ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের ক্রিকেটের অনেকেরই তাতে একটু খেদ আছে। ম্যাচ ততক্ষণে ড্র হওয়া নিশ্চিত। ইনিংস ঘোষণা না করলে তো তার ৪০০ রানও হতে পারত!
সেই হৃদয়ের পরের প্রথম শ্রেণির ম্যাচটি ছিল সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট। সেখানে প্রথম ইনিংসে ভালো শুরু করলেও পরে উইকেট ছুড়ে দিলেন। দ্বিতীয় ইনিংসের বাজে শটে আমন্ত্রণ জানালেন প্রবল সমালোচনাকে।
পরের টেস্টে তবু সুযোগটা পেয়ে গেলেন মুমিনুল হক চোটে পড়ায়। সিলেটে তিনি ফিরিয়ে আনলেন যেন পচেফস্ট্রুমকে। দলের বিপদের সময় মাঠে নেমে উপহার দিলেন ৪৭২ মিনিট আর ৩৫৯ বলের ইনিংস। বাংলাদেশের রেকর্ড গড়ে থামলেন ২৪২ রানে। ১১ ছক্কা মেরে অল্পের জন্য করতে পারলেন না বিশ্বরেকর্ড। শেষ নয় সেখানেও। দ্বিতীয় ইনিংসেও উপহার দিলেন ৮২ রানের ইনিংস। এক টেস্টে প্রথমবার তিনশ রানের সীমানা ছাড়াতে পারলেন বাংলাদেশের কোনো ব্যাটসম্যান।
রেকর্ডের জোয়ারে হাবুডুবু খেতে থাকা হৃদয়ের ব্যাটেই এখন জিইয়ে আছে দলের ব্যাটিংয়ের আশা। কিছুদিন আগে যিনি দক্ষিণ আফ্রিকাতেই ট্রিপল সেঞ্চুরি করে গেছেন, তার কাছে দলের বাড়তি চাওয়াও থাকবে। যদিও সেই ইনিংসটি ছিল পচেফস্ট্রুমের ব্যাটিং স্বর্গে। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে উইকেট নিশ্চিতভাবেই হৃদয়ের ব্যাটসম্যানশিপের কঠিন পরীক্ষা নেবে। তবু, এমন ফর্মে থাকা ব্যাটসম্যানের ওপর তো ভরসা রাখাই যায়!
তবে ক্রিকেটে ‘ল অব অ্যাভারেজ’ বলে একটি কথা প্রচলিত আছে। সাফল্যের স্রোতে থাকা ক্রিকেটারের হুট করে খারাপ সময় আসবেই। ইতিহাসের সব ক্রিকেটারের ক্ষেত্রেই তা হয়েছে। সেদিকে ইঙ্গিত করেই দক্ষিণ আফ্রিকার কোচ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাথা চুলকে বললেন, “He is due to fail now…!”
সংবাদ সম্মেলন কক্ষে থাকা গোটা পাঁচে সংবাদকর্মী হেসে উঠলেন জোরেসোরেই। কোচ কনরাড পরমুহূর্তেই অবশ্য জানিয়ে দিলেন, হৃদয়কে তারা গুরুত্ব দিয়েই কাঁটাছেড়া করছেন।
“অবশ্যই সে (হৃদয়) দুর্দান্ত ক্রিকেটার! পচেফস্ট্রুমে যে ম্যাচটি ছিল, খেলা চলতে থাকলে সে হয়তো এখনও ব্যাট করে যেত! দারুণ ব্যাটসম্যান। সাম্প্রতিক টেস্ট ম্যাচে তার ব্যাটিংয়ের কিছু অংশ আমরা দেখেছি অনলাইনে। সে অবশ্যই আত্মবিশ্বাসে টইটম্বুর হয়েই আসবে। ব্যাটারদের ক্ষেত্রে একটি ব্যাপার আছে, যেখানে তারা আগে ভালো করেছে, সেখানে আবার খেলতে নামলে তারা অনেক আত্মবিশ্বাসী থাকে।”
দক্ষিণ আফ্রিকার কোচের সম্মান অবশ্য হৃদয়ের সতীর্থ ব্যাটসম্যানরাও পেলেন্
“তবে সে (হৃদয়) একাই নয়, তাদের আরও অনেক উঁচু মানের ব্যাটার আছে, যারা সব জায়গায় ভালো করেছে। কাজেই অস্ট্রেলিয়া সিরিজে যেরকম বিস্তারিত সবকিছু নিয়ে প্রস্তুতি ছিল আমাদের, বাংলাদেশের বিপক্ষেও খুঁটিনাটি সবকিছু নিয়ে প্রস্তুতি থাকবে।”
