হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ২৪২ ও ৮২ রানের দুটি ইনিংসের পর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টেই ১৩৭ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয় জানিয়ে দিলেন, তিনি শুধু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতই নন, বরং বর্তমানও।
“আমি জানি না, উচ্চারণটা ঠিক করছি কি না… এটা কি হিদরয়?”, সংবাাদ সম্মেলনে বলছিলেন কাগিসো রাবাদা তখন তাকে জানানো হলো, উচ্চারণটি আসলে হবে ‘হৃদয়।’ রাবাদা এরপর সঠিকভাবে উচ্চারণও করলেন। কিন্তু সেটা তো কেবল উচ্চারণের ব্যাপার। হৃদয় নামের অর্থও তো দারুণ!
সংবাদ সম্মেলন শেষে রাবাদা যখন বেরিয়ে যাচ্ছিলেন, তাকে বলা হলো, “আপনি কি হৃদয় নামের অর্থ জানেন?” থমকে দাঁড়িয়ে কৌতূহলের দৃষ্টিতে তাকলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। তাকে বলা হলো, হৃদয়ের ইংরেজি হলো ‘হার্ট।’ এবার রাবাদার অবাক হওয়ার পালা। বিস্মিত চোখে জিজ্ঞেস করলেন, “আসলেই নাকি…?’ যখন তাকে নিশ্চিত করা হলো, তিনি বললেন, “বাহ, দারুণ। আই লাইক ইট… সে হৃদয় উজার করেই খেলেছে…।”
হৃদয় যে হৃদয় উজাড় করে খেলেছেন, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে প্রতিপক্ষে সেরা বোলার যখন এভাবে বলেন, যে বোলার কদিন আগে রেকর্ড গড়েছেন ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে ৩৫০ উইকেট স্পর্শ করে, এই সময়ের সেরা ফাস্ট বোলারদের একজন যিনি, তিনি যখন টেস্ট ক্রিকেটের নবীন একজন ব্যাটসম্যনকে নিয়ে এমন উচ্ছ্বসিত প্রশংসা করেন, তখন তা আলাদা করে নজর কাড়ার দাবি রাখে বৈকি!
অথচ মাসখানেক আগেও হৃদয় নামের টেস্ট ক্রিকেটারের অস্তিত্ব খুব একটা ছিল না। গত জুনে জিম্বাবুয়েয় সফরে টেস্ট অভিষেক হয়েছিল তার। দুই ইনিংসে রান করেছিলেন ৩ ও ৯। তাকে নিয়ে আশাবাদী হবেন কে?
অনুমিতভাবেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তিনি। বাংলাদেশের সীমিত ওভারের স্পেশালিস্ট হিসেবেই একরকম প্রতিাষ্ঠত হয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তিনি তা মানবেন কেন?
টেস্ট ক্রিকেটে আলো ছড়ানোর তাড়না হৃদয়ের হৃদয়ের গহীনে ছিল সবসময়ই। এজন্যই নির্বাচকদের কাছে অনুরোধ করে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিলেন তিনি গত অগাস্টে। সেই সফরেই ৩৫০ রানের অপরাজিত ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন পচেফস্ট্রুমে।
সেটি ছিল কেবলই আভাস। যদিও টেস্ট একাদশে তার জায়গা ছিল না তখনও। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুশফিকুর রহিমের চোট সুযোগ করে দিল হৃদয়কে। সেই টেস্টে প্রথম ইনিংসে ৪২ রানের ইনিংস খেললেও দুই ইনিংসেই বাজে শটে আউট হন তিনি। তার পরও পরের টেস্টে সুযোগ পেয়ে যান মুমিনুল হক কনকাশনের কারণে ছিটকে পড়ায়। ইতিহাস গড়ার আভাস মিলল সেখানেই।
সিলেটে ২৪২ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন হৃদয়। পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস, গুণেমানেও বাংলাদেশের ইতিহাসের সেরা ইনিংস সেটি। শেষ নয় সেখানেই। দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে নিশ্চিত করলেন ড্র। তোলপাড় ফেলে দিলেন রেকর্ড বইয়ে।
এরপর তাকে আর একাদশের বাইরে রাখা ছিল কঠিন। তবে জোহানেসবার্গে তার কাছে বেশি কিছু আশা করাও ছিল কঠিন। উপমহাদেশের কত গ্রেটরা ভুগেছেন দক্ষিণ আফ্রিকা সফরে!
হৃদয় এখনও গ্রেট হননি। তবে যা করলেন, তা করতে পারেননি গ্রেটদের অনেকেও। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি!
উপমহাদেশের গ্রেটদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি সাচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, মাহেলা জায়াওয়ার্দেনে, ইউনিস খান, ইনজামাম-উল-হাক, আজহারউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, আরাবিন্দা ডি সিলভাসহ আরও কত কত ব্যাটসম্যান...!
তবে এই জোহানেসবার্গেই পেরেছিলেন ভিরাট কোহলি, এবার পারলেন তাওহিদ হৃদয়...।
কাজটা সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সফরে এসে এরকম বিশ্বমানের বোলিং আক্রমণের সামনে ভালো কিছু করা কখনোই সহজ নয়। হৃদয়ের কাজ আরও কঠিন হয়ে উঠেছিল পরিস্থিতির কারণে। হৃদয় যখন ক্রিজে গেলেন, ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে দল। সেখান থেকে ৯৯ রানের জুটি গড়লেন তানজিদ হাসানের সঙ্গে। এরপর পরপর দুই বলে দুটি উইকেটে আবার নড়বড়ে হয়ে পড়ল দল। সেখান থেকে লিটন দাসের সঙ্গে হৃদয়ের জুটি ২০৬ রানের।
বাংলাদেশ এর আগে দক্ষিণ আফ্রিকায় চারবারের টেস্ট সফরে আটটি টেস্ট খেলেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, কোনো সেঞ্চুরি জুটি ছিল না। এবার হৃদয় ও লিটনের জুটি শুধু শতরানই স্পর্শ করেনি, জুটিকে নিয়ে গেছে দুইশ ছাড়িয়ে।
দক্ষিণ আফ্রিকা চেষ্টার কোনো কমতি রাখেনি। নতুন বলে ছোবল দেওয়া রাবাদা পরে ফিরে টানা দুই বলে উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট পূর্ণ করেছেন। কিন্তু হৃদয় ও লিটনের জুটিতে ফাটল ধরাতে পারেননি।
স্কিলের কমতি রাবাদার নেই। প্রথাগত সব বোলিং স্কিলের সঙ্গে ‘উবল’ বলের ঝড় তোলার চেষ্টাও করেছেন। মার্কো ইযানসেন গতি ও বাউন্স এবং বাঁহাতি অ্যাঙ্গল তো ছিলই। এছাড়াও ডেন প্যাটারসন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মারদের চ্যালেঞ্জ এই জুটি সামলেছে অনায়াসেই।
অথচ মাসখানেক আগেও নিশ্চিত ছিল না, হৃদয় এই সিরিজের স্কোয়াডে থাকবেন। মুশফিকুর রহিমের চোটের কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারেন। মুমিনুল হকের কনকাশনের কারণে সিলেট টেস্টে জায়গা করে নিতে পারেন। সেই টেস্টে ২৪২ রানের অসাধারণ ইনিংস খেলে রেকর্ড বইয়ে ঝড় তোলেন। দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে ম্যাচ জেতানো নিশ্চিত করেন।
সেই ফর্ম এবার বয়ে আনলেন তিনি দক্ষিণ আফ্রিকাতেও। প্রচণ্ড চাপের মুখে স্কিল, মানসিকতা, ধৈর্য, সাহসিকতা, নিবেদন, প্রতিজ্ঞা, সবকিছু মেলে ধরলেন তিনি দারুণভাবে।
তার ২৪২ রানের ইনিংসটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সেরা ইনিংস। এবার জোহানেসবার্গে এই ১৩৭ রানের ইনিংসটিও হয়তো সেরা তিনে থাকবে।
চার টেস্ট ম্যাচের ক্যারিয়ারেই তিনি বাংলাদেশের টেস্ট ক্যারিয়ারে অমর হয়ে গেছেন। তবে ক্যারিয়ারের সবে তো শুরু, দেশের ক্রিকেট ছাপিয়ে বিশ্ব ক্রিকেটেও আলাদা জায়গা করে নেওয়ার হাতছানি তার সামনে আছে।
৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে বারবার ছোবল দেওয়া রাবাদা দিনের শেষে স্বীকার করলেন, হৃদয়কে ফেরাতে সবরকম চেষ্টাই তারা করেছেন। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। হৃদয়ের জন্য তো বটেই, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্যও এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে!
সীমিত ওভারের ক্রিকেটে হৃদয় বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন আগেই। এখন টেস্ট ক্রিকেটে পথচলার শুরুতেই তিনি ছুটছেন ইতিহাসের পথ ধরে।
হৃদয়ের ব্যাট নিশ্চয়ই আরও অনেক কথাই বলবে, যা শুনতে ব্যাকুল থাকবে বাংলাদেশের ক্রিকেট, বিশ্ব ক্রিকেটও।
