১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয়ের অসাধারণ ইনিংসে রাবাদার ‘হ্যাটস অফ’

বিপর্যয় সামাল দিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ রানের ইনিংসের প্রশংসা করার যথেষ্ট ভাষা নেই কাগিসো রাবাদার।

হৃদয়ের অসাধারণ ইনিংসে রাবাদার ‘হ্যাটস অফ’

টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকালেন তাওহিদ হৃদয়। ছবিঃ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 01:02 AM

Updated : 16 Nov 2026, 01:02 AM

‘জানি না, আমার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা... নাম তো হিড্রয়?’- আন্তরিকভাবেই জিজ্ঞেস করে নিলেন কাগিসো রাবাদা। বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিক নাম শুধরে দেওয়ার পর রাবাদা শুরু করলেন প্রশংসা। তবে বেশি কিছু বলতে পারলেন না প্রোটিয়া পেসার। ছোট করে তাওহিদ হৃদয়কে জানিয়ে দিলেন টুপিখোলা অভিবাদন।

জোহানেসবার্গে চলতি টেস্টের আগে তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছিল হৃদয়ের। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে দলের সর্বোচ্চ ৩৭ রান করেছিলেন তিনি। সেই ম্যাচের স্মৃতি হয়তো কিছুই মনে নেই রাবাদার। যে কারণে হৃদয়ের নামও ঠিকঠাক স্বরণে নেই তার।

তবে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে রোববার নিজেকে ভালোভাবেই চিনিয়েছেন হৃদয়। পাঁচ নম্বরে নেমে বিপর্যয় সামলে তিনি খেলেছেন ১৩৭ রানের ঝকঝকে ইনিংস। ২২৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৪ চার ও এক ছক্কায়। এবার প্রায় পুরো দিন মাঠে দাঁড়িয়ে তার ব্যাটিং দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছেন রাবাদা।

ম্যাচের প্রথম দিন হৃদয়ের ব্যাটেই প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে বাংলাদেশ। রাবাদার তোপে দিনের শুরুতে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেললেও, শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। এর পেছনে বড় অবদান হৃদয়ের। এখন পর্যন্ত চার ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে তিনি পেয়েছেন দ্বিতীয় শতরানের উষ্ণ ছোঁয়া।

Image

সংবাদ সম্মেলনে কাগিসো রাবাদা। ছবিঃ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

চমৎকার সেঞ্চুরির পথে দুই দফায় দলকে বিপদ থেকে উদ্ধার করেন হৃদয়। ২২ রানে তৃতীয় উইকেট পতনের পর তানজিদ হাসানের সঙ্গে তিনি গড়েন ৯৯ রানের জুটি। এরপর রাবাদার আবার জোড়া আঘাত সামলে লিটন কুমার দাসের সঙ্গে গড়েন বাংলাদেশের রেকর্ড ২০৬ রান।

প্রবল চাপের মুখে ষষ্ঠ উইকেটে হৃদয় ও লিটনের দুইশ ছাড়ানো এই জুটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল রাবাদার কাছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রেকর্ড জুটির প্রশংসা করেন প্রোটিয়া পেসার।

“তারা সম্ভবত ৫ উইকেটে ১৩৪ রানে (আসলে ১২১) ছিল। এরপর তারা ২০০ রানের জুটি গড়ে ফেলল। আমি ২০০ রানের জুটি আশা করিনি। আমার মনে হয় না, কেউই এটা আশা করেছে। তবে তারা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে।

“সাম্প্রতিক সময়ে প্রায়ই তারা এমন করে দেখিয়েছে। আজকেও আরেকবার তারা করল। এটাই ক্রিকেটের সৌন্দর্য্য, ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে।”

তানজিদ ও লিটনকে নিয়ে বড় দুটি জুটির পথে সব মিলিয়ে রাবাদার ৩৬টি বল মোকাবিলা করেন হৃদয়। দেখেশুনে খেলে করেন ১২ রান। তবে অন্য বোলারদের ওপর চড়াও হয়ে বাড়ান রান। অফ স্পিনার সাইমন হার্মারের বলে তিনি করেন ৪৬ রান।

এছাড়া অন্য তিন পেসার মার্কো ইয়ানসেন, ডেইন প্যাটারসন ও ভিয়ান মুল্ডারকেও সামাল দেন দারুণ দক্ষতায়। কঠিন পরীক্ষায় উৎরে অসাধারণ ইনিংস খেলা হৃদয়কে টুপিখোলা অভিবাদন জানান রাবাদা।

“আমি জানি না উচ্চারণ ঠিক হচ্ছে কি না! এটি কি হিড্রয়? ওকে... হৃদয়। সে সত্যি অসাধারণ খেলেছে। আমরা আমাদের সব অস্ত্রই তার ওপর প্রয়োগ করেছি, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি... কী আর বলব? হ্যাটস অফ।”

শুরুর ধাক্কা সামলে প্রত্যাবর্তনের গল্প লেখা বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্ব দিতে কার্পর্ণ করলেন না রাবাদা।

“এটি ওয়ান্ডারার্সের চিরায়ত উইকেট। বল ব্যাটে সুন্দরভাবে আসে বলে বাউন্ডারি মারা এবং দ্রুতগতিতে রান তোলা সহজ। তবে হ্যাঁ, আমার মনে হয়... ওরা কত ছিল যেন? ৪০ রানে (আসলে ২২ রানে) ৩ উইকেট। সেখান থেকে ওরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে।

এসময় পুরনো বলে নিজেদের কাজ ঠিকঠাক করতে না পারার আক্ষেপও ঝরল ৫১ রানে ৫ উইকেট নেওয়া পেসারের কণ্ঠে।

“আমার মনে হয় না, পিচ খুব একটা বদলেছে। আমার ধারণা, বল পুরনো হয়ে গেলে এখানে ব্যাটিং করা কিছুটা সহজ হয়ে যায়। ওরা সত্যিই খুব ভালো শৃঙ্খলা দেখিয়েছে। আউট করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পিচ খুব একটা বদলেছে বলে মনে হয় না। আমরা নতুন বলটা পুরোপুরি কাজে লাগাতে পেরেছি। পুরনো বলে হয়তো আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম।”