১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

কাপিল দেবের মতে, কোহলি অনেক বড় ভুল করেছে

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, সময়ের আগে অবসর নিয়েছেন দেশটির ব্যাটিং গ্রেট।

কাপিল দেবের মতে, কোহলি অনেক বড় ভুল করেছে

ভিরাট কোহলি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:03 PM

Updated : 16 Nov 2026, 10:03 PM

টেস্ট ক্রিকেট থেকে ভিরাট কোহলি অবসর নেওয়ার পর কেটে গেছে দেড় বছর। তার সেই সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারছেন না কাপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, ক্রিকেটের অভিজাত সংস্করণকে বিদায় বলে সবচেয়ে বড় ভুল করেছেন কোহলি।

ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কাপিলের মতে, ফিটনেসের দিক থেকে এখনও অনেকের চেয়ে এগিয়ে থাকা কোহলির আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।

২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। এই সংস্করণে ১২৩ ম্যাচ খেলে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেন ভারতের এই ব্যাটিং গ্রেট। কাপিলের মতে, সময়ের আগেই টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

মিড-ডের সঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন কাপিল। সিদ্ধান্তটির সময় ও কারণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার বিশ্বাস, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা কোহলির ছিল।

“আমার মনে হয়, ভিরাট কোহলি অনেক বড় ভুল করেছে। সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ১০ বছর পর নিজের এই সিদ্ধান্তের জন্য তার আফসোস হবে। তার অবসর নেওয়া উচিত হয়নি…অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তার ফিটনেস অনেক ভালো।”

“ফিটনেসের দিক থেকে সে ২৫ বছর বয়সি কোনো ক্রিকেটারকেও চ্যালেঞ্জ জানাতে পারে। রাগ করে অবসর নেওয়া ঠিক নয়। তাদের মোহিন্দার আমারনাথের মতো হওয়া উচিত। তাকে অনেকবার দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই ফিরে এসে তিনি অন্যদের ভুল প্রমাণ করেছিলেন।”

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণকেও বিদায় বলে দেন কোহলি। ভারতের জার্সিতে এখন কেবল ওয়ানডে ক্রিকেট খেলছেন তিনি।