শ্রমিক বিক্ষোভ: গাজীপুরে কারখানার গুদাম, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। এতে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার গুদাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। এতে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয়।
রোববার বেলা ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
স্থানীয়রা বলেন, শ্রমিকদের আন্দোলন চলাকালে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দ্রুত চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। তবে অবরোধের কারণে ঘটনাস্থলে পৌঁছেও আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তা মূল কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, “ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের কারখানার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা রওনা হয়েছি। কিন্তু চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে সামনে এগোতে পারছি না। এ বিষয়ে কারো কোনো সহযোগিতাও পাচ্ছি না।”
কয়েকদিন ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ চলছে।
শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকেও নতুন করে আন্দোলন শুরু হয়। পরিস্থিতির অবনতির আশঙ্কায় আশপাশের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরই মধ্যে শ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে।
