নায়ক মান্নার স্ত্রীসহ ২ জনের গাড়িতে আগুন লেগে ক্ষতি: ম্যানেজারের জামিন
এক হাজার টাকা মুচলেকায় আসামিকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্নাসহ দুই জনের গাড়িতে আগুন লেগে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতির মামলায় তার পরিবারের ম্যানেজার মামুন মণ্ডলকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ বুধবার শুনানি নিয়ে এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন এ তথ্য দিয়েছেন।
এ দিন আসামির পক্ষে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেছিলেন। শুনানিতে তিনি বলেন, “আসামি মামুন দীর্ঘদিন ধরে মান্নার পরিবারে ম্যানেজার হিসেবে কাজ করছেন। এটা নিছক দুর্ঘটনা। গাড়িটির কাজ করার জন্য বাসা থেকে বের করতে গেলে স্ট্যার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আমরা আদালতে জামিন চেয়ে আবেদন করি। এক হাজার টাকা মুচলেকায় আসামিকে জামিন দিয়েছে আদালত।”
গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে গাড়িতে আগুন লাগার ঘটনায় বাড়ির ম্যানেজার গাজী মানিক মিয়া পরদিন ভাটারা থানায় মামলা করেন। মামলার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুনসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার রোড-২২/এ, ব্লক-এমের ২৬১৪ নম্বর বাড়ির নিচে গাড়ির গ্যারেজ রয়েছে। ওই বাড়ির ভাড়াটিয়া শেলী মান্নার একটি প্রাইভেটকার দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। গাড়িটির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে সেটি সরিয়ে নেওয়ার জন্য বাড়ির কর্তৃপক্ষ শেলী মান্নাকে অনুরোধ করেন।
শেলী মান্না তার ম্যানেজার মামুনকে গাড়িটি গ্যারেজ থেকে বের করে ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্য বলেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার মামুন ও সোহেল গাড়িটি মেরামত করতে গ্যারেজে আসেন। বাড়ির ম্যানেজার তাদের গ্যারেজের বাইরে নিয়ে কাজ করার কথা বললেও তারা ভেতরেই মেরামতের কাজ শুরু করেন।
কাজ করার সময় সন্ধ্যা ৬টার দিকে গাড়িটিতে আগুন লেগে তা সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পাশের আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া গ্যারেজ, বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের বিভিন্ন স্থানের কাচও ভেঙে যায়। এতে আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
চিত্রনায়ক মান্নার স্ত্রীসহ দুই জনের গাড়িতে আগুন লেগে ক্ষতি, দুই আসামি কারাগারে
