হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ নিয়ে চলমান কর্মসূচি আরও সম্প্রসারিত করার ঘোষণা দিয়েছে এডিবি।
বাংলাদেশে হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি অ্যানার্জি স্টোরেজ প্রকল্প উন্নয়নে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ কর্মসূচির আওতায় ৫টি নতুন সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রকল্পে লেনদেন সংক্রান্ত পরামর্শক সেবা দেবে সংস্থাটি।
এসব প্রকল্পে বেসরকারি খাত থেকে শত কোটি (১ বিলিয়ন) ডলারের বেশি বিনিয়োগ আসবে বলে আশা করছে এডিবি।
মঙ্গলবার এ কর্মসূচি নিয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি সই হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এডিবি বলছে, নতুন ৫টি প্রকল্প যুক্ত হওয়ায় বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ নিয়ে তাদের চলমান কর্মসূচি আরও সম্প্রসারিত হচ্ছে। এর আগে ফেনীর ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে পরামর্শক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছিল সংস্থাটি। নতুন প্রকল্পগুলো যুক্ত হলে তিন ধাপে মোট ছয়টি প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা বাড়বে বলে মনে করছে এডিবি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়বে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, “আরও নিরাপদ, টেকসই ও বিনিয়োগবান্ধব জ্বালানি ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। পৃথক প্রকল্পের বাইরে গিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের একটি সম্প্রসারণযোগ্য বাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে এডিবির পরামর্শক সেবার পরিধি বাড়ানো হচ্ছে।
“প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনীয় পুঁজি, প্রযুক্তি ও দক্ষতা সংগ্রহে সহায়তা করতে পারে এডিবি।”
এডিবির এই পরামর্শক সহায়তা সরকারের ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রথম ধাপে সোনাগাজী প্রকল্প
কর্মসূচির প্রথম ধাপে ফেনী জেলার ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর সঙ্গে ২৬ মেগাওয়াট ঘণ্টা (এমডব্লিউএইচ) সক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাও যুক্ত থাকবে।
এডিবি বলছে, চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বান করার পরিকল্পনা রয়েছে। ৬টি প্রকল্পের মধ্যে এটিই প্রথম। এ প্রকল্পের কাঠামো তৈরি ও দরপত্র প্রক্রিয়ার অভিজ্ঞতা পরবর্তী পাঁচটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগানো হবে।
সম্প্রসারিত কর্মসূচির আওতায় বাকি ৫টি প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযোগিতা যাচাইয়ে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সহায়তা দেবে এডিবি।
প্রকল্পগুলোর প্রস্তুতি থেকে শুরু করে বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান ও চূড়ান্তকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পরামর্শক সেবা দেবে সংস্থাটি। এর মধ্যে রয়েছে কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বিনিয়োগকারীদের আগ্রহ যাচাই, দরপত্রের নথি প্রস্তুত এবং প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া ও প্রকল্প বরাদ্দে সহায়তা।
ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে চায় সরকার।
“এ প্রকল্পগুলোর পাইপলাইন তৈরিতে এডিবির সঙ্গে অংশীদারত্বকে সরকার গুরুত্ব দিচ্ছে। দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে।”
এই সহায়তার সঙ্গে যুক্ত থাকবে ২৬ এমডব্লিউএইচ সক্ষমতার ব্যাটারি সংরক্ষণব্যবস্থা। ২০২৬ সালের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে।
