১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন উদ্যোক্তা তৈরিতে ইজিবির কর্মশালা

কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:57 PM

Updated : 16 Nov 2026, 11:57 PM

ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় নতুন উদ্যোক্তা তৈরি করতে দুইদিনের এক কর্মশালার আয়োজন করেছে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ (ইজিবি) পিএলসি।

রাজধানীর বিদুৎ ভবনে সোমবার ‘সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং জীবনমান উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রারম্ভিক কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ইজিবির তথ্য অনুযায়ী, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন করা। সেই লক্ষ্য বাস্তবায়নে ইজিবি পিএলসি কর্তৃক সরকার, ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এবং নিজস্ব অর্থায়নে এই সৌর বিদুৎ কেন্দ্রটি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালনি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের সঠিক নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা প্রণয়ন করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।”

তার ভাষ্য, এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও তরুণদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটি ২০২৫ সালের ১ ডিসেম্বর একনেক সভায় অুমোদিত হয়েছে, যা বাংলাদেশের সর্ববৃহৎ সৌর বিদুৎকেন্দ্র। এর বাস্তবায়নকাল ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ বলেও জানায় ইজিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে সোনাগাজী সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম, আইএসডিবির অপারেশনস টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব, রিজিওনাল হাব ম্যানেজার বা রেসিডেন্ট হেড আইএসডিবি আলী মোহাম্মদ খান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।