গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: টুকু
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করেন বিদ্যুৎমন্ত্রী।
আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌরবিদ্যুতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য সরকারের।
“এ উদ্যোগ সফল হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।”
বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎই অন্যতম কার্যকর পথ।
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করে টুকু বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যক্তি পর্যায় থেকেও সবাইকে এগিয়ে আসতে হবে।
“ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে,” বলেন তিনি।
সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
