প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: বিদ্যুৎমন্ত্রী
সৌরবিদ্যুতের দরপত্রে আট হাজারের বেশি আবেদন জমা পড়েছে; আরও তিন মাস সময় বাড়ানোর তথ্য সংসদে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী।
রাজধানীর গুলশানে বসবাসরত প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসা জাতীয় গ্রিডের বদলে সৌরবিদ্যুতে চলছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তার এ তথ্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল আশা করছেন, মন্ত্রিসভার অন্য সদস্যরাও প্রধানমন্ত্রীর উদ্যোগ অনুসরণ করবেন।
সৌরবিদ্যুতের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসায় সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্থাপন করা হয়েছে।
“আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এখন কিন্তু গ্রিডে নাই। উনার বাসাতে পুরো সোলার দিয়ে চলে। উনি ব্যাটারি লাগিয়েছেন। সেই ব্যাটারি ব্যাকাপে ২৪ ঘণ্টা উনার বাসায় বিদ্যুৎ জ্বলে।”
এসময় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য সরকারের আহ্বান করা দরপত্রে আট হাজারের বেশি সেবাদাতা আবেদন করেছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আরও বেশি সেবাদাতাকে সুযোগ দিতে আবেদনের সময় তিন মাস বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জবাব দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আনার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে প্রথম পাঁচ বছরে ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের জন্য ১০ হাজার মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য পূরণে সরকার নীতিমালা তৈরি করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর এ-সংক্রান্ত আইন সংসদে আনা হয়েছে বলে জানান তিনি।
