১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অরিজিতের নতুন কাজের খবর সামনে এল

“চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে অরিজিতের গভীর ধারণা রয়েছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 04:16 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছেড়ে দেওয়ার কারণের খানিকটা আভাস এসেছে। পাশাপাশি তার নতুন একটি পরিচয় নিয়ে সামনে আসার খবরও দিয়েছেন ঘনিষ্ঠজনেরা। 

অরিজিৎ নতুন আরেকটি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সেখানে বলেন, একঘেয়েমি ও বিরক্তি থেকেই প্লেব্যাক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে কি অরিজিৎ নতুন ধরনের কোনো সৃজনশীল কাজে জড়াতে চান? এমন প্রশ্ন ও কৌতূহল ঘুরপাক খাচ্ছে তার সহশিল্পী ও ভক্তদের মধ্যে। 

গায়কের ঘনিষ্ঠজনদের বরাতে বিবিসি নিউজ হিন্দি বলছে, নির্মাণে পুরোপুরি মনোযোগী হতে চান অরিজিৎ। আগামীতে একজন চলচ্চিত্র নির্মাতা হতে চান তিনি। এবং সেটি কেবল ভাবনার মধ্যে নেই ইতিমধ্যে একটি হিন্দি সিনেমার কাজ শুরু করেছেন।

ওই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিং যৌথভাবে। সিনেমায় তারা মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শান্তিনিকেতনে সিনেমার দৃশ্য ধারণের কাজ চলছে।

অরিজিতের পারিবারিক বন্ধু ও মুর্শিদাবাদের বাসিন্দা অনিলাভ চট্টোপাধ্যায় বলেন, “এই মুহূর্তে অরিজিৎ একটি হিন্দি ও একটি বাংলা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন।” 

দুটি সিনেমারই শুটিংই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে বলেও জানিয়েছেন অনিলাভ।

পরিচালক অনুরাগ বসু অরিজিতের সিদ্ধান্তে বিস্মিত নন জানিয়ে বলেন, “চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে অরিজিতের গভীর ধারণা রয়েছে।”

অরিজিৎ এর আগে বাংলা সিনেমা পরিচালনা করেছেন। ২০১৫ সালে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভালোবাসার রোজনামচা’ পরিচালনা করেন। এরপর ২০১৭ সালে অরিজিতের পরিচালনায় আসে ‘সিম্পল নোটস’। এই দুটি সিনেমারই শুটিং হয়েছিল মুর্শিদাবাদে। তবে তিনি কেবল পরিচালনার দায়িত্বেই ছিলেন না; চিত্রগ্রহণ ও সম্পাদনার কাজও সমালেছেন।

অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আসে মঙ্গলবার আচমকা। ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউড এবং কলকাতার অনেক শিল্পী অরিজিতের সিদ্ধান্তে হতবিহ্ববল হয়ে পড়েন।

কেউ কেউ অরিজিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগীতের দুনিয়ায় গায়ককে নতুন কোনো সৃষ্টি নিয়ে হাজির হওয়ার অনুরোধ রেখেছেন।

এর পর বুধবার রাতে এক্সে প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অরিজিৎ। 

তিনি লিখেছেন, “আমার সিদ্ধান্তের পেছনে একটিমাত্র কারণ নেই, একাধিক কারণ রয়েছে। অনেক দিন ধরেই আমি এই কাজটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসটা পেলাম।

“কারণগুলোর একটি খুবই সহজ, আমি খুব দ্রুত বিরক্ত হয়ে যাই। তাই একই গান মঞ্চে পরিবেশনের সময় বারবার অ্যারেঞ্জমেন্ট বদলাই। সোজা কথায়, আমি বিরক্ত হয়ে গেছি।”

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সংগীতযাত্রা। আজ এই গায়কের অনুরাগী ছড়িয়ে আছে সারা বিশ্বে।

মাত্র ৩৮ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। কিছুদিন হল সিনেমা পরিচালনা শুরু করেছেন।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ প্রতিযোগিতার মধ্য দিয়ে অরিজিৎ প্রথমবার কোনো রিয়েলিটি শোয়ে আসেন। তবে মঞ্চে তার পদচারণা ছোটবেলা থেকে। সেবার ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। কিন্তু থেমে থাকেননি। আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন অরিজিৎ।

সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার জন্য ২০০৭ সালে ‘ইউ শবনামি’ গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি।

২০১১ সালে ‘মার্ডার ২’–এর ‘ফির মহব্বত’ গান দিয়ে সিনেমায় প্লেব্যাক শুরু করেন অরিজিৎ। এর এক বছর পর ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’ সিনেমায় ‘রাবতা’ শিরোনামের গানটি করেন।

সাফল্যের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এক বছর পরই ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমায় ‘তুম হি হো’ গানে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান।

রোমান্টিক গানে তার কণ্ঠ ফিরেছে তরুণদের মুখে মুখে। গত দশকের হিন্দি সিনেমাগুলোতে তার কণ্ঠ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘চান্না মেরেয়া’, ‘আগার তুম সাথ হো’, ‘গেরুয়া’, ‘জালিমা, ‘কেসারিয়া’ ও ‘ফির লে আয়া দিল’ এর মত অনেক হিট হয়েছে।

ব্যক্তিগত জীবনে খুব সাধারণ চলাফেরা তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়ানো ভিডিওতে তার সেই জীবনযাপনের চিত্র সবাইকে মুগ্ধ করেছে। সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন অনন্য।

স্ত্রী কোয়েল রায় ও সন্তানদের নিয়ে কলকাতা থেকে ২২৬ কিলোমিটার দূরে জিয়াগঞ্জে থাকেন ৩৮ বছর বয়সি এ শিল্পী। স্ত্রী-সন্তানদের রেখেছেন গানের ‘স্পটলাইটের’ বাইরে। নিজের এলাকায় অরিজিৎ ঘুরে বেড়ান শখের স্কুটি নিয়ে।

২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে স্পটিফাইয়ে ভারতের সব শিল্পীকে ছাড়িয়ে যান তিনি। সেই সময়ে ভারতের যেকোনো শিল্পীর চেয়ে তার গানই সবচেয়ে বেশি শুনেছেন ভক্তরা।

২০২৩ সালের অগাস্ট থেকে অন্তত দুইবার প্ল্যাটফর্মটিতে এক নম্বর র‌্যাংকিংয়ে থাকা টেইলর সুইফটকেও তিনি ছাড়িয়ে যান।

অরিজিৎ কি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা করবেন?

সিনেমায় আর গাইবেন না অরিজিৎ সিং