ঢাকায় হয়ে গেল প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট
চার বিভাগের প্রতিযোগিতায় পাঁচ হাজারের বেশি কাজ জমা পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে ঢাকায় হয়ে গেল ‘প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো’।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে এ আয়োজন করে স্পাইকস্টোরি লিমিটেড।
এ আয়োজনের পৃষ্ঠপোষকতাকারী প্রাণ-আরএফএল গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানবিক সৃজনশীলতা, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহার উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং নির্মাতাদের মধ্যে যোগাযোগ তৈরি করা ছিল এর লক্ষ্য।
গত ১২ অগাস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ২৭টির বেশি জেলা থেকে পাঁচ হাজারের বেশি কাজ জমা পড়ে। বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও ফ্যাশন—এই চার বিভাগে প্রতিযোগীরা কাজ জমা দেন।
আয়োজকরা জানান, এ কার্যক্রমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়। এর মাধ্যমে ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয়। ডিজিটাল মাধ্যমে প্রচারণা পৌঁছায় দেড় কোটির বেশি মানুষের কাছে।
জমা পড়া কাজ থেকে নির্বাচিত ৬০ জন চূড়ান্ত প্রতিযোগীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ব্র্যান্ড ব্যবস্থাপনা, গল্প বলার কৌশল ও সৃজনশীল পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার শেখানো হয়।
পরে প্রতিযোগীদের বাস্তবভিত্তিক সৃজনশীল কাজের দায়িত্ব দেওয়া হয়। বিচারকেরা সেসব কাজ মূল্যায়ন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বক্তাদের মধ্যে ছিলেন সিবস সল্যুশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করা মুনির হাসান।
এ ছাড়া ‘পরবর্তী শিল্পবিপ্লব ও বাংলাদেশের প্রস্তুতি’ এবং ‘মানবিক সৃজনশীলতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা’ বিষয়ে দুটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, বিজ্ঞাপন ও গণমাধ্যমের পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সামিট শেষে চার বিভাগে বিজয়ী, রানারআপ ও বিশেষ স্বীকৃতিপ্রাপ্তদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার সেরা সৃষ্টিকে দেওয়া হয় বিশেষ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরির মাধ্যমে এআইনির্ভর সৃজনশীল শিল্পের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রিজম।
আয়োজনের সহযোগী অংশীদার ছিল দ্য ডেইলি স্টার ও সিবস সল্যুশন। এ ছাড়া সহযোগিতায় ছিল আস্থা আইটি, ভিওএসইউ এআই, এলএফ ইনকোরপোরেশন, টেন মিনিট স্কুল, মেরুন ইনকরপোরেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
