কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’
এআই এর প্রসার এতটাই বেড়েছে যে, আগে যেসব কাজ কেবল মানুষই করত সেগুলো এখন আসলেই মানুষের করা কিনা, তা আলাদা করে উল্লেখ করতে হচ্ছে- বলেছেন কেমব্রিজ ডিকশনারির প্রধান সম্পাদক।
চলতি বছরের সেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ (মানুষ) শব্দটিকে বেছে নিয়েছে বিশ্বখ্যাত কেমব্রিজ ডিকশনারি।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দাপটে বদলে যাওয়া বিশ্বে মানুষের নিজেদের অস্তিত্ব আর পরিচয় নিয়ে নতুন করে ভবনার প্রতিফলন ঘটিয়েই বেছে নেওয়া হয়েছে এই শব্দটিকে।
ডিকশনারিতে ‘হিউম্যান’ শব্দটির সংজ্ঞায় বলা হয়েছে, দেবতা, প্রাণী বা যন্ত্র থেকে আলাদা হয়ে মানবীয় যেসব গুণ, ভুলত্রুটি ও আবেগ-অনুভূতি আছে সেগুলোর অধিকারী হওয়াকেই ‘মানুষ’ (হিউম্যান) বলে।
কেমব্রিজ ডিকশনারির প্রধান সম্পাদক কলিন ম্যাকিনটোশ বলেন, “এআই এর প্রসার এতটাই বেড়েছে যে, আগে যেসব কাজ কেবল মানুষই করত, সেগুলো এখন আসলেই মানুষের করা কিনা, তা আলাদা করে উল্লেখ করতে হচ্ছে।”
বর্তমানে হিউম্যান শব্দটি ব্যবহারের উদাহরণ হিসেবে অভিনেত্রী স্কারলেট জোহানসন ও অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহির কথা উঠে এসেছে।
স্কারলেট ‘মানুষের সৃজনশীলতার ওপর আঘাতের’ প্রতিবাদ করেছেন এবং ম্যাকনাহি অনুমতি ছাড়া নিজের কণ্ঠ বা চেহারা ডিজিটাল উপায়ে ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা নিয়েছেন।
ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ সম্পর্কে জানার পর মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাফল্যের মাপকাঠি হওয়া উচিত এটি মানুষের জীবনযাত্রার কতটা উন্নতি ঘটাচ্ছে সেটি।"
ওদিকে, সম্পাদক ম্যাকিনটোশ বলেন, মানুষ কী বলছে এবং কী লিখছে তা সঠিকভাবে তুলে ধরার জন্য সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থ বা ব্যবহার কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়ে অভিধান সম্পাদকদের সবসময় সজাগ থাকতে হয়।
তার গবেষণায় দেখা গেছে, ১৯০০ সালের পর থেকে ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার চারগুণ বেড়েছে। তিনি বলেন, "আগে এই অর্থে ‘ম্যান’ শব্দটি অনেক বেশি ব্যবহৃত হত। কিন্তু এখন নারী ও পুরুষ উভয়কে বোঝাতে ‘ম্যান’ শব্দটির ব্যবহার আর গ্রহণযোগ্য নয়।
চতুর্দশ শতকের আগ পর্যন্ত মধ্যযুগীয় ইংরেজিতে ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার ছিল না। এটি ফরাসি শব্দ থেকে এসেছে। শেক্সপিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। তবে এরপর এর ব্যবহার বেশ সীমিত হয়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে মানুষের কাজ, গুণাবলি ও দক্ষতাকে আলাদা করে বোঝাতে ‘হিউম্যান-মেড’ (মানুষের তৈরি) এবং ‘হিউম্যান-ড্রিভেন’ (মানুষ পরিচালিত)-এর মতো যৌগিক শব্দগুলোর ব্যবহারও বেড়েছে।
ম্যাকিনটোশ বলেন, "আমাদের চিন্তাভাবনার কাজ যন্ত্রের হাতে তুলে দিলে মানুষ কী হারাতে পারে—সেই ভয় থেকেই শীর্ষ গণিতবিদ থেকে শুরু করে ছোট শিশুদের শিক্ষক পর্যন্ত সবাইকে নতুন করে ভাবতে হচ্ছে যে, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ঠিক কতটা নির্ভর করব।"
বিল গেটস সম্প্রতি সেবামূলক কাজগুলোকে ‘কেবল মানুষের জন্য সংরক্ষিত চাকরি’ হিসেবে রাখার কথা বলেছেন। সেইসঙ্গে এআই-এর কারণে চাকরি হারানো মানুষদের নতুন কাজের প্রশিক্ষণ দেওয়ার খরচ জোগাতে ‘রোবট ট্যাক্স’ চালুর পুরোনো দাবিও ফের তুলে ধরেছেন।
‘হিউম্যান’ শব্দ ব্যবহারের অন্যান্য উদাহরণের মধ্যে উল্লেখ করা যায় পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী এবং ‘এআই-এর গডফাদার’ হিসেবে পরিচিত জেফ্রি হিন্টনের কথা। তিনি সতর্ক করে বলেছেন, "আমরা ভিনগ্রহের প্রাণীর মতো সত্তা তৈরি করছি। আমি এখানে স্বার্থপর হতে রাজি এবং মানুষকেই বেছে নিতে ইচ্ছুক।”
ওদিকে, পোপ চতুর্দশ লিও নতুন ধরনের ‘অমানবিকতার’ (মানবিক গুণাবলি হারিয়ে ফেলার) বিষয়ে কথা বলেছেন এবং ‘অন্তর থেকে খাঁটি মানুষ হয়ে থাকার জরুরি দায়িত্বের’ ওপর জোর দিয়েছেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান দর্শনের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড বলেন, "এই মুহূর্তে মানবতা সম্পর্কে আমাদের ধারণা বদলে যাচ্ছে।
"আমরা মানুষের মন আর কৃত্রিম মনের পার্থক্য বোঝার চেষ্টা করছি। অর্থাৎ, আমাদের মতো রক্তমাংসের জীবন্ত প্রাণীর সঙ্গে আমাদেরই তৈরি করা কৃত্রিম সত্তার তফাত কোথায়? কোন জিনিস আমাদেরকে এদের থেকে আলাদা করে? সেটি কি আমাদের চেতনা, সৃজনশীলতা, নাকি মায়া-মমতা?"
এআই দিয়ে তৈরি বিষয়বস্তুর ব্যাপক বিস্তার ঘটতে থাকায় শিক্ষাবিদরা এমন একটি সর্বজনীন চিহ্ন বা লোগো তৈরির কথা ভাবছেন, যা দেখে সবাই বুঝতে পারবে যে কাজটি ‘মানুষের তৈরি’। এটি অনেকটা ১৯৮০-এর দশকে চালু হওয়া ‘ফেয়ারট্রেড’ লেবেলের মতো হবে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এআই নীতিমালা ও মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক র্যাচেল অ্যাডামস বলেছেন, "এআই আমাদের সেই হাজার বছরের পুরোনো প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে—আমরা আসলে কারা? আর মানুষ হওয়ার মানেটাই বা কী?"
এআই মানবজাতির জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে চলেছে। এর কারণে সমাজে বিদ্যমান অসমতা আরও বেড়ে যাওয়ার প্রবল ঝুঁকি আছে, আবার উল্টোদিকে এই অসমতা দূর করার সম্ভাবনাও এর মধ্যে রয়েছে।
