২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন

বিরতি শেষে মাঠে ফেরার ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসেকে নিয়েও অনিশ্চয়তায় পড়েছে বায়ার্ন মিউনিখ।

কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন

অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন হ্যারি কেইন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 03:09 PM

Updated : 21 Nov 2026, 03:09 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে মাঠে ফিরেই অনেক বড় এক ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। দলটির সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন অ্যাঙ্কেলের চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

বুন্ডেসলিগায় শুক্রবার কোলনের সঙ্গে ১-১ ড্র ম্যাচে চোট পান কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটিতে মাত্র শুরুর কিছুক্ষণ খেলতে পারেন তিনি। ২০তম মিনিটে ওই চোটে উঠে যান তিনি।

পরে ক্লাবটির বিবৃতিতে এবারের ব্যালন দ’র জয়ী গুরুতর চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

“শুক্রবার সন্ধ্যায়…হ্যারি কেইনের বাঁ অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বায়ার্ন মিউনিখের মেডিকেল ইউনিটের করা পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে। ফলে ৩৩ বছর বয়সি এই ফুটবলার আগামী কয়েক মাস বাইরে থাকবেন।“

ঠিক কত মাস কেইনকে বাইরে থাকতে হবে, ক্লাবের বিবৃতিতে সেটা বলা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবর, তাকে হয়তো তিন মাস পাওয়া যাবে না।

গত মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়ে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া কেইন এবারও বেশ ছন্দে আছেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলে ১০টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।

যদিও বুন্ডেসলিগায় এই নিয়ে টানা চার ম্যাচে গোলশূন্য রইলেন ইংলিশ স্ট্রাইকার।

একই ম্যাচে প্রথমার্ধের শেষে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসেকেও তুলে নেয় বায়ার্ন। পায়ের সামনের অংশে আঘাত পেয়েছেন তিনি। আগামী কয়েক দিনে তার চিকিৎসা চলবে, বিবৃতিতে জানিয়েছে মিউনিখের ক্লাবটি।