‘মুসিয়ালা হয়তো আর কখনোই সেরা ফর্মে ফিরতে পারবে না’
স্নায়ুর রোগে আক্রান্ত বায়ার্ন মিউনিখের মিডফিল্ডারকে নিয়ে এমন মন্তব্য করেছেন ক্লাবটি অনারারি সভাপতি উলি হোয়েনেস।
চোটের সঙ্গে নিত্য লড়াই তো আছেই, অন্য একটি সমস্যাতেও ভুগছেন জামাল মুসিয়ালা। স্নায়ুর রোগে আক্রান্ত বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার আদৌ আর সেরা ফর্মে ফিরতে পারবেন কি না, প্রশ্ন তুলেছেন ক্লাবটির অনারারি সভাপতি উলি হোয়েনেস।
গত অগাস্টে প্রাক-মৌসুম প্রস্তুতির সময় চার দিনের ব্যবধানে দুবার অসুস্থ হয়ে পড়েন মুসিয়ালা। এর মধ্যে একটি ঘটনা ঘটে হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বায়ার্নের ৪-২ ব্যবধানে জয়ের পথে, মাঠে নামার মাত্র ছয় মিনিট পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে জানা যায় যে, তিনি স্নায়ুর রোগে ভুগছেন, যা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে মুসিয়ালার পা ভেঙেছিল, ফলে গত মৌসুমের অর্ধেক সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর ২০২৬ সালের শুরুর দিকে তিনি মাঠে ফেরেন।
২০২৬ বিশ্বকাপে জার্মানির হয়ে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি; চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আগেভাগে। এরপর সেপ্টেম্বর মাস থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে আবারও মাঠের বাইরে রয়েছেন মুসিয়ালা।
চলতি মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে দুটি গোল করেছেন ২৩ বছর বয়সি তারকা।
বাভারিয়ান সম্প্রচারমাধ্যম বিআর-এর সঙ্গে আলাপে মুসিয়ালার পরিস্থিতি তুলে ধরেন উলি হোয়েনেস।
“আমরা এখন একটি জটিল পরিস্থিতির মুখোমুখি। সে এমন এক অসুস্থতায় ভুগছে, যা পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে চিকিৎসার মাধ্যমে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
“কিন্তু তার আগের সেই পারফরম্যান্স দেখানোর সামর্থ্য আর থাকবে কিনা… কল্পনা করুন, বায়ার্ন যদি এখন তার চুক্তি নিয়ে প্রশ্ন তোলে এবং বলে যে, বর্তমানে সে যা দিতে সক্ষম, তা চুক্তির শর্তানুযায়ী নেই।”
মুসিয়ালা বর্তমানে তার ২০২৫ সালের আগের সেরা ফর্ম থেকে অনেক দূরে রয়েছেন। উল্লেখ্য যে, ২০২৪ ইউরোয় তিনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ জিতেছিলেন।
বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক লোথার মাথাউস স্কাই টেলিভিশনকে বলেন, হোয়েনেসের এই মন্তব্যের উদ্দেশ্য একটু কঠিনভাবে হলেও নিজের মতো করে মুসিয়ালাকে মানসিকভাবে উজ্জীবিত করা।
“উলি তাকে কিছুটা খোঁচা দেওয়ার চেষ্টা করছে… এটি একটা প্রক্রিয়ারই অংশ, তাকে কেবল অতি-সুরক্ষিত পরিবেশে আগলে রাখাই নয়, বরং কিছুটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়াও জরুরি।
“আমি যদি জামাল মুসিয়ালার জায়গায় থাকতাম, তাহলে উলিকে প্রমাণ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট অনুপ্রেরণা হতো যে, আমি ফিরে এসেছি।”
চেলসির একাডেমি থেকে উঠে আসা মুসিয়ালা ২০১৯ সালে বায়ার্নে যোগ দেন। ১৭ বছর বয়সে মূল দলে সুযোগ পাওয়ার পর থেকে বায়ার্নের হয়ে ২৩৫ ম্যাচে তিনি ৭১টি গোল এবং ৩৮টি অ্যাসিস্ট করেছেন।
লম্বা সময় মাঠের বাইরে থাকা এই খেলোয়াড় সম্প্রতি অনুশীলনে ফিরেছেন।
