২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক

এলাকাবাসীর অভিযোগ,তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 10:13 AM

Updated : 23 Nov 2026, 10:19 AM

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

রোববার রাত সোয়া ৮টার দিকে ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে সিংগাইর থানা ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন।

আটকরা হলেন- পশ্চিম বাস্তা গ্রামের তাসলিমা বেগম (৩২), রুজিনা বেগম (৩৫), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।

স্থানীয়রা জানান, ওই চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। রোববার রাতে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে।

রমজান আলী নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, “ওই পরিবারের গৃহকর্তা আক্কাস ও ওই পরিবারের কয়েকজন সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এর আগে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

“রোববার রাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই পরিবারের বাড়িতে অভিযান চালায়। এ সময় রান্নাঘরের পেছন থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার করা হয়।”

তবে ঘটনার হোতা হিসেবে পরিচয় ঝর্ণা আক্তার পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

৩৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় আটক চার নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান।