নেত্রকোণায় সংঘর্ষে টেঁটার আঘাতে প্রাণ গেল দর্জির
ওসি সোহেল রানা বলেন, গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নেত্রকোণার কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটার আঘাতে এক দর্জি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছন কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা।
নিহত সাদ্দাম মিয়া (৩০) খাতে সালেঙ্গা গ্রামের আবুল হাশিমের ছেলে ও দর্জির কাজ করতেন।
আহতরা হলেন- একই এলাকার হারিস মিয়ার ছেলে মো. দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) এবং কাশেমের ছেলে হাদিস (৩০)।
স্থানীয়দের বরাতে ওসি সোহেল রানা বলেন, গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন চার জন, তার মধ্যে সাদ্দাম মিয়ার বুকে টেঁটাবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা কর্মকর্তা এমএমএস মাটি সাদ্দাম মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের ধরতে তদন্তসহ পুলিশ অভিযানও চালাচ্ছে বলে জানান ওসি।
