১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র এসব হামলার জন্য ইরানের সমর্থন পাওয়া হুতিদের দায়ী করেছেন।

রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

সম্প্রতি হুথিদের ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। ছবি: আরব নিউজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 12:01 PM

Updated : 10 Nov 2026, 12:01 PM

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা সৌদির রাজধানী রিয়াদের দিকে ছোড়া দুটি আর দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে।

জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি মঙ্গলবারের এসব হামলার জন্য ইরানের সমর্থন পাওয়া হুতিদের দায়ী করেছেন।

আল জাজিরা জানিয়েছে, এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে মালিকি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে আর দ্বিতীয় আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে।

প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নগরীটির বাসিন্দারা ‘আকাশ হামলার’ সতর্ক বার্তা পেয়েছেন, তাতে তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরে দেশটির সিভিল ডিফেন্স সংস্থার পাঠানো আরেক বার্তায় ‘বিপদ কেটে গেছে’ বলে জানানো হয়।

এসব হামলার বিষয়ে হুতিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী ইয়েমেনে হুতিদের সঙ্গে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলোর তীব্র লড়াই চলছে। ইয়েমেনের সরকারি বাহিনীগুলো রিয়াদের সমর্থন পেয়ে আসছে। এই পরিস্থিতিতে সৌদি আরবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতিরা।

ইয়েমেনের সরকারি বাহিনীগুলো ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য হুতিদের বিরুদ্ধে লড়াই করছে আর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হুতিদের অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়ে তাতে সমর্থন দিচ্ছে। এর প্রতিক্রিয়ায় হুতিরা সৌদি আরবের তেল পরিশোধনাগার ও সংরক্ষণ ব্যবস্থাসহ অবকাঠামোগুলোতে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

সোমবার সৌদি আরবের মদিনা অঞ্চলে পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএকে সৌদির জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, এই আঘাতে একটি ‘সীমিত অগ্নিকাণ্ড’ ঘটলেও আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পাইপলাইনের ‘কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি’।

এসব হামলার ঘটনায় কোন হতাহতের খবর হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর থেকে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে রাখায় এই পাইপলাইনটি সৌদি আরবের তেল রপ্তানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছে। ফলে পাইপলাইনটি বারবার হামলার শিকার হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে।