ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কম্পিউটার সেলের প্রধান গ্রেপ্তার
গ্রেপ্তার বাকি দুজন হলেন, স্ক্যানিং বিভাগের ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম।
এসএসসি পরীক্ষায় ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কম্পিউটার সেলের প্রধান মোহাম্মদ আবদুল মালেকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।
ফল জালিয়াতির একটি মামলার তদন্তে নেমে এই তিনজনের সম্পৃক্ততা পায় সিআইডি। তবে ওই মামলায় আসামির তালিকায় তাদের নাম ছিল না।
সিআইডি বলছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির নেপথ্যে একটি বড় চক্র সক্রিয় আছে। মামলার ঘটনাটি ছাড়াও ফল জালিয়াতির আরও ঘটনার আলামত মিলেছে তদন্তে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রোগ্রামার পদে কর্মরত ৫৬ বছর বয়সি মোহাম্মদ আবদুল মালেক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তার অন্য দুজন হলেন- স্ক্যানিং বিভাগের কর্মী ২৯ বছর বয়সি ফরহাদুল ইসলাম এবং ২৭ বছর বয়সি শহিদুল আলম। তারা কম্পিউটার সেলের অস্থায়ী কর্মচারী হলেও ১৩ বছর ধরে সেখানে কাজ করছেন।
এর আগে ২৯ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানায় এসএসসিতে এক শিক্ষার্থীর ফল জালিয়াতির ঘটনায় মামলা করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন।
ওই শিক্ষার্থী দুটি বিষয়ের পরীক্ষার উত্তরপত্রে শূন্য পেলেও প্রকাশিত ফলে নম্বর আসে ৪৫। খাতা পুনঃনিরীক্ষণে এ জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
ওই মামলার আসামির তালিকায় আছেন, শিক্ষার্থী হাসিবুল আলী শোভন, শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের ৩ কর্মচারী কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম ও নূর হোসেন রায়হান।
মামলায় শোভন নামে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষায় দশ বিষয়ে ফেল করার পরও প্রকাশিত ফলে তার নম্বর পাল্টে পাস করানো হয়েছে বলে অভিযোগ আনা হয়। এজন্য শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের ৩ কর্মচারীকে দায়ী করে শিক্ষা বোর্ড।
পরে মামলার তদন্তের দায়িত্ব পান সিআইডির পরিদর্শক মো. রাসেল মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাতে তিনজনকে আটকের পর পাঁচলাইশ থানা হেফাজতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করি। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
“মামলায় তাদের নাম না থাকলেও তদন্তে ফল জালিয়াতিতে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরমধ্যে প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক ছাড়া ফল জালিয়াতি করা সম্ভব না। অন্য কেউ এটা করতে পারবে না। আর যে দুজন অস্থায়ী কর্মীকে আটক করা হয়েছে, তারাও সেখানে ১৩ বছর ধরে কর্মরত। অথচ নিয়ম অনুসারে তাদের ছয় মাসের বেশি কাজ করার কথা না।”
সিআইডি কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, “এখন পর্যন্ত তদন্তে ফল জালিয়াতিতে একটি বড় চক্র জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। জালিয়াতির আরও ঘটনার আলামত আমরা পেয়েছি।
“তদন্ত চলমান থাকায় এখনই এ বিষয়ে বেশি বলতে পারছি না।”
জানতে চাইলে শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিআইডি তদন্ত করছে। তাদের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কম্পিউটার সেলের প্রধান মোহাম্মদ আবদুল মালেকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রোগ্রামার হলেও তার উপরের পদে কোন কর্মকর্তা না থাকায় কম্পিউটার সেলে তিনিই প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।”
বোর্ডের তথ্যানুযায়ী, হাসিবুল আলী শোভন নামের ওই ছাত্র আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন। গত ১০ অগাস্ট এ বছরের প্রকাশিত পরীক্ষার ফলে দেখা যায়, শোভন সব বিষয়ে ফেল করেছে।
ফল ঘোষণার পরের দিন ১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল। সে সময়ই শোভনের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন আসে।
পরে বোর্ডের করা মামলায় ওই শিক্ষার্থীর প্রকাশিত ফলে ১১টি পত্রে সৃজনশীল অংশে নম্বর বাড়ানোর অভিযোগ করা হয়।
এর আগে ২০২৩ সালে একইভাবে ছেলের পরীক্ষার খাতায় নম্বর বাড়ানোর অভিযোগ উঠেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নগরীর একটি বেসরকারি কলেজ থেকে অংশ নেন নারায়ণ চন্দ্রের ছেলে নক্ষত্র দেব নাথ। পরে তার ছেলের জিপিএ ৫ প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে আলোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ২৪ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নক্ষত্র দেবের ফল বাতিল করা হয়। সে সময় তদন্ত কমিটি নারায়ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরামর্শ দিয়েছিল। এর ভিত্তিতে মামলার পর অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে গ্রেপ্তার করা হয়।
