এসবিএসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন
সম্মেলনে ঋণের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, ঋণের মান যাচাই ও গ্রাহকের সক্ষমতা তদারকির পরামর্শ দেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সম্মেলন হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের জন্য মুনাফা অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমানতকারীদের স্বার্থও রক্ষা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করে শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।
তিনি ঝুঁকির ভিত্তিতে তদারকি কার্যক্রম এগিয়ে নেওয়ার মাধ্যমে ব্যাংকের ঝুঁকি কমানোর পরামর্শ দেন।
এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীর বলেন, “ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ টেকসই হতে পারে না। এটি সবার সম্মিলিত দায়িত্ব।”
ঋণের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, ঋণের মান যাচাই ও গ্রাহকের সক্ষমতা তদারকির পরামর্শও দেন তিনি।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সাগুফতা ইকবাল উপস্থিত ছিলেন।
এছাড়া এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর আবু ফাতেহ মো. বশিরুর রহমান, ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
