২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের মা হলেন মৌসুমী হামিদ

“এটা এক ভিন্ন অনুভূতি,” বলেন এ অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 09:49 PM

Updated : 21 Nov 2026, 09:49 PM

পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

ঢাকার একটি হাসপাতালে প্রসবের তথ্য দিয়ে তিনি বলেন, “আমার রাজপুত্র হয়েছে। তার নাম রেখেছি ওহী বিন ওয়াদুদ। তাকে নিয়েই এখন অনেক ব্যস্ত আছি।”

মা হওয়ার অনুভূতি নিয়ে গ্লিটজকে এই অভিনেত্রী বলেন, “এটা এক ভিন্ন অনুভূতি। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। দারুণ সময় কাটছে। এটা আসলে বোঝানো যাবে না।”

গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়ে স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। 

দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, ১৪ বছরের পুরনো বন্ধু তারা। দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মৌসুমী হামিদ। এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটিতেও কাজ করেন এ অভিনেত্রী।