১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু

‘মজাক’ ও ‘দো লড়কে দোনো কড়কে’ সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন জয়ন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 05:45 PM

Updated : 13 Nov 2026, 05:44 PM

মারা গেছেন প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়, তিনি কিংবদন্তী সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে ও অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী।

মৌসুমী-জয়ন্তের মেয়ে মেঘা মুখোপাধ্যায় আনন্দবাজার ডটকমকে জানিয়েছেন, তার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার মুম্বাইয়ে মারা যান জয়ন্ত মুখোপাধ্যায়; তার বয়স হয়েছিল ৭৯।

মেঘা জানিয়েছেন, অসুস্থতার কারণে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন জয়ন্ত, সে সময় ফুসফুসে সংক্রমণের সঙ্গে টাইফয়েডও ধরা পড়েছিল তার। তবে সে সব সামলে গেল ৬ নভেম্বর বাড়িও ফিরেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে দীপাবলীও উদযাপন করেন।

তবে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিনোদনজগতের সঙ্গে যুক্ত থাকলেও বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন জয়ন্ত। সিনেমা ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনার কাজে আগ্রহ ছিল তার। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়াও ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর প্রযোজক ছিলেন তিনি।

মৌসুমী ও জয়ন্তের দাম্পত্য জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। অল্প বয়সেই বিয়ে হয়েছিল অভিনেত্রীর। চলতি বছরে এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়েই তার বাগ্দান হয়, এর কিছু দিন পরেই বিয়ে। বিয়ের পর মুম্বাইয়ে চলে যান তারা। সেখানেই হিন্দি সিনেমায় কাজ শুরু করেন অভিনেত্রী।

মৌসুমী ও জয়ন্তের দুই কন্যাসন্তান। বড়মেয়ে পায়েলের মৃত্যু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে।

মৌসুমী চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের এক পরিচিত নাম। তরুণ মজুমদারের 'বালিকা বধূ' দিয়ে বাংলা সিনেমায় তার অভিনয়জীবনের সূচনা। পরবর্তী সময়ে হিন্দি ছবিতেও নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেন তিনি। 'অনুরাগ', 'নৈনা', 'কাঁচে ধাগে', 'বনাম', 'হমশকল' এবং 'রোটি কাপড়া অউর মকান'-এর মত সিনেমায় তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।

বাংলা সিনেমার সঙ্গেও বরাবর যোগাযোগ রেখেছেন অভিনেত্রী। পরবর্তী সময়ে রাজনীতির মাঠেও পা রেখেছিলেন তিনি।