২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

আগের মৌসুমের চুক্তির তালিকায় থাকা মোট ১৩ জন ক্রিকেটার এবার বাদ পড়েছেন।

পিসিবির চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

বাঁ থেকে মোহাম্মাদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। ছবি: আইসিসি ও পিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 09:29 PM

Updated : 21 Nov 2026, 09:28 PM

ক্রিকেটারদের ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা অবশেষে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের মৌসুমের চুক্তির তালিকায় থাকা মোট ১৩ জন ক্রিকেটার এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মাদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব।

এছাড়াও বাদ পড়েছেন হাসান আলি, আবদুল্লাহ শাফিক, মোহাম্মাদ হারিস, মোহাম্মাদ নাওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খুররাম শাহজাদ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র।

শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে কেবল আমের জামাল নতুন চুক্তিতে জায়গা পাননি।

পিসিবি শনিবার ৩৮ জন ক্রিকেটারের (আগের মৌসুমের চেয়ে আট জন বেশি) সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে, এর মধ্যে ১৯ জন আছেন ‘ডেভেলপমেন্ট’ চুক্তিতে।

চুক্তির কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবার সংস্করণ-ভিত্তিক চুক্তির ব্যবস্থা চালু করেছে পিসিবি। চুক্তিগুলোকে পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: টেস্ট ও ওয়ানডের জন্য ‘এবি’ ক্যাটাগরি, শুধু টেস্টের জন্য ‘এ’ ক্যাটাগরি, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ‘বিসি’ ক্যাটাগরি, শুধু টি-টোয়েন্টির জন্য ‘সি’ ক্যাটাগরি এবং ডেভেলপমেন্ট পর্যায়ের জন্য ‘ডি’ ক্যাটাগরি।

চলতি বছরের জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ক্রিকেটাররা চুক্তির বাইরে ছিলেন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, নতুন এই চুক্তি ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন চুক্তি প্রদানে বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন পিসিবির হাই-পারফরম্যান্স পরিচালক ও সাবেক ক্রিকেটার আকিব জাভেদ।

“আমরা এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে নতুন প্রতিভাদের নিয়ে আসা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো, যারা বিভিন্ন সংস্করণে নিয়মিত খেলছে এবং যাদের নিয়ে নির্বাচক ও কোচদের প্রত্যাশা রয়েছে যে, তারা (আন্তর্জাতিক পর্যায়ে) নিজ নিজ সংস্করণে ভালো করবে, তাদেরই চুক্তির আওতায় আনা।”

টেস্ট অধিনায়ক বাবর আজম ও টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক সালমান আলি আগা-এই দুজনই শুধু টেস্ট ও ওয়ানডে সংস্করণের চুক্তিতে জায়গা পেয়েছেন। কোনো ক্রিকেটারকেই তিন সংস্করণের জন্য চুক্তিবদ্ধ করা হয়নি।

২০২৬-২৭ মৌসুমের জন্য পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:

টেস্ট ও ওয়ানডে: বাবর আজম, সালমান আলি আগা

টেস্ট: আজান আওয়াইস, মোহাম্মাদ আব্বাস, সাজিদ খান, সাউদ শাকিল

ওয়ানডে ও টি-টোয়েন্টি: আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাখার জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি

টি-টোয়েন্টি: হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক

ডেভেলপমেন্ট: আব্দুল সামাদ, আবদুল্লাহ ফাজাল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মাদ তাহা, তাইয়াব আরিফ, গাজি ঘরি, মোহাম্মাদ ইমরান, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মকিম, উবাইদ শাহ।