১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাবস্থায় আছে ইরান: মাসুদ পেজেশকিয়ান

শত্রুপক্ষ ইরানের জন্য সমস্যা সৃষ্টি করতে হাতে থাকা সব উপায় কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

যুদ্ধাবস্থায় আছে ইরান: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 05:02 PM

Updated : 16 Nov 2026, 05:02 PM

ইরান যুদ্ধাবস্থায় আছে জানিয়ে দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকতে, সশস্ত্র বাহিনীকে সমর্থন যোগাতে ও অত্যাবশ্যকীয় পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার মন্ত্রিসভার এক বৈঠকে পেজেশকিয়ান এ আহ্বান, জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুপক্ষ ইরানের জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে এবং বিধিনিষেধ আরোপের লক্ষ্যে হাতে থাকা সব উপায় কাজে লাগানোর জন্য দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, “আমরা যুদ্ধাবস্থায় আছি আর এই দেশকে সমস্যায় ফেলতে শত্রুরা তাদের সব ধরনের সক্ষমতা ব্যবহার করে চলছে। এ ধরনের পরিস্থিতিতে প্রতিরোধ ও সহনশীলতার জন্য কিছু কষ্ট মেনে নেওয়া ও সহ্য করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রশাসনকেও অবশ্যই দিনরাত ২৪ ঘণ্টা কাজ করতে হবে এবং সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য তাদের সব সামর্থ্য কাজে লাগাতে হবে। পাশাপাশি জনগণের জীবনযাত্রা ও জীবিকা সুরক্ষিত এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

যুদ্ধকালীন সময়ে দেশ পরিচালনার বাস্তব পরিস্থিতি সম্পর্কে জনগণকে যথাযথভাবে অবহিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন পেজেশকিয়ান। তিনি বলেন, সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও বিভিন্ন কঠিন পরিস্থিতির মাত্রা জনগন যেন বুঝতে পারে তার জন্য কর্মকর্তাদের অবশ্যই কার্যকরভাবে জনংযোগ করতে হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে আক্রমণ চালিয়ে যুদ্ধের সূচনা ঘটায়। তারপর থেকে আট মাস ধরে চলা যুদ্ধ এখন কিছুটা স্তিমিত আছে। শুধু হরমুজ প্রণালি এর আশপাশের সাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্ত কিছু পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে চলেছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় কার্যকরভাবে বন্ধ করে রেখেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এই যুদ্ধের জের ধরে পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে এতদিন অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজের এই বহরে যোগ দিয়েছে আরেক বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’।

একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলা কূটনৈতিক আলোচনায় অচলাবস্থা এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি–এমন পরিস্থিতির মধ্যেই দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।