‘শর্তের তোয়াক্কা না করে’ ইরান যুদ্ধ এখনই বন্ধ চায় অধিকাংশ মার্কিন ভোটার
অজনপ্রিয় এ যুদ্ধ বন্ধে কতটা পদক্ষেপ নেওয়া উচিত, ডেমোক্র্যাট পার্টির মধ্যে বিতর্ক চলছে।
যুক্তরাষ্ট্রের নতুন এক জনমত জরিপ বলছে, বেশিরভাগ ভোটার ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন।
জরিপে বলা হয়েছে, মতামত দেওয়া ৫৫ শতাংশ ভোটার বলেছেন, ‘শর্তের তোয়াক্কা না করেই’ অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধ করতে হবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোস প্রকাশিত ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’ এর সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।
চলতি বছর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালায়। ফলে পশ্চিম এশিয়াজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।
আল জাজিরা লিখেছে, ডেমোক্রেট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে যুদ্ধ বন্ধের পক্ষে সমর্থন সবচেয়ে বেশি। ডেমোক্রেটদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্পের দল রিপাবলিকানদের ভোটার মধ্যে এ হার ২৫ শতাংশ।
জরিপে অংশ নেওয়া ডেমোক্রেট ভোটারদের অধিকাংশ যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির পদক্ষেপও সমর্থন করেন।
ইরানে হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে।
ডেমোক্রেট ভোটারদের ৫৩ শতাংশ সামরিক অভিযানে অর্থায়ন বন্ধ করতে কংগ্রেসের উদ্যোগের পক্ষে মত দিয়েছেন। আর ৫১ শতাংশ আগামী বাজেট আলোচনায় ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের পক্ষে, এমনকি তাতে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও।
গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান ‘সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের’ ঘোষণা দিয়ে অন্তর্বর্তী চুক্তি করেছিল। তবে দ্রুতই তা ভেস্তে যায়। ট্রাম্প ৭ জুলাই চুক্তিটি ‘বাতিল’ বলে ঘোষণা দেন এবং এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটি ‘স্থগিত’ করার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তি অনুযায়ী কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অঙ্গীকার রক্ষা করেনি ইরান।
অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে; যার মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া এবং বাজেয়াপ্ত ইরানি সম্পদ মুক্ত করা।
জরিপের প্রধান গবেষক শিবলি টেলহামি শর্ত বিবেচনা না করেই যুদ্ধ বন্ধের পক্ষে এত বেশি সমর্থন দেখে বিস্মিত হয়েছেন।
আল জাজিরাকে তিনি বলেন, “আমরা জানতাম, মানুষ এই যুদ্ধের প্রবল বিরোধী এবং যুদ্ধ বন্ধ চায়। কিন্তু যুদ্ধ বন্ধ করতে তারা কী ধরনের শর্ত মেনে নিতে প্রস্তুত, তা নিয়ে আমাদের নিশ্চিত ধারণা ছিল না।”
যুদ্ধ নিয়ে মতামত জানতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্কের ওপর এ জরিপ চালানো হয়।
এক প্রশ্নে তাদের সামনে তিনটি বিকল্প রাখা হয়—অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা, অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ে বর্তমান পথেই এগিয়ে যাওয়া।
জরিপে অংশ নেওয়া মোট ভোটারের মাত্র ২১ শতাংশ বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন।
“এটি স্পষ্ট যে জনমত এখন যেকোনো উপায়ে যুদ্ধ বন্ধ করার পক্ষে,” বলেন টেলহামি।
যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্র সরকার যেসব যুক্তি দিচ্ছে, ভোটারদের মধ্যে তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। এসব যুক্তির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টিও রয়েছে।
জরিপের ফল বলছে, মাত্র ২৮ শতাংশ ভোটার মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ইরান আগের চেয়ে ‘খারাপ অবস্থানে’ পড়েছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, এমন আশঙ্কা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছে।
তবে ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার পর তেহরান এ ধরনের পদক্ষেপ অনুমোদন করেছে, গোয়েন্দা তথ্যে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে মার্কিন ভোটারদের মধ্যে। ইরান গুরুত্বপূর্ণ এ জলপথ বন্ধ করে দেওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।
আল জাজিরা লিখেছে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
জরিপে অংশ নেওয়া প্রায় ৩৫ শতাংশ ভোটার মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। অন্যদিকে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, এ জলপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
ডেমোক্র্যাটদের অবস্থান নিয়ে বিতর্ক
অজনপ্রিয় এ যুদ্ধ বন্ধে কতটা পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে ডেমোক্র্যাট পার্টির মধ্যে বিতর্ক চলছে।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী মনোভাব এবং জ্বালানির দাম বৃদ্ধির মতো সংশ্লিষ্ট বিষয়গুলো ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ে ভূমিকা রেখেছে।
ডেমোক্র্যাট পার্টির যুদ্ধবিরোধী বামপন্থি সদস্যরা নির্বাচনের ফলাফলকে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অবসানের পক্ষে ভোটারদের অবস্থানের প্রমাণ হিসেবে দেখছেন।
তবে এ অবস্থানের কারণে দলের তুলনামূলক কট্টরপন্থি ও যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া প্রতিষ্ঠিত নেতাদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছে।
প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফরিজ ও সিনেটর চাক শুমার যুদ্ধ বন্ধের পক্ষে মত দিলেও এ লক্ষ্য অর্জনে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা এখনও প্রতিশ্রুতি দেননি।
এর মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্থায়ন বন্ধ করা কিংবা ডিসেম্বরে আসন্ন বাজেট নিয়ে দর-কষাকষিতে যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউসকে চাপ দেওয়ার বিষয়ও রয়েছে।
টেলহামি বলেন, “অনেক ডেমোক্র্যাট নেতা এ বিষয়ে জনমতের তীব্রতা উপেক্ষা করছেন। তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে পিছিয়ে পড়বেন।”
তিনি বলেন, সিনেটর বার্নি স্যান্ডার্স ও সিনেটর ক্রিস ভ্যান হোলেনের মতো প্রগতিশীল নেতারা আরও জোরালো অবস্থান নেওয়ার পক্ষে চাপ দিচ্ছেন।
সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের নেতা হতে শুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা ভ্যান হোলেন যুদ্ধকে কাজে লাগিয়ে তুলে ধরছেন যে দলের মধ্যপন্থি নেতৃত্ব ভোটারদের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটাররা শুমারের তুলনায় ভ্যান হোলেনকে প্রায় তিন গুণ বেশি পছন্দ করেন।
