১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শামস শামীম. আনতালিয়া, তুরস্ক থেকে. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলের প্রবেশ পথেই এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের শতাধিক তরুণ প্রতিবাদমুখর হন।

শামস শামীম. আনতালিয়া, তুরস্ক থেকে. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

৩১: তরুণদের কণ্ঠে যুদ্ধ ও সাম্রাজ্যবাদবিরোধী ডাক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:19 AM

Updated : 14 Nov 2026, 10:19 AM

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ পরিবেশ দূষণের সঙ্গে ফিলিস্তিন গণহত্যা, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী সন্ত্রাস নিয়েও জোরালো প্রতিবাদ করেছে বিভিন্ন দেশের তরুণরা।

শুক্রবার দুপুরে তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলের প্রবেশ পথেই এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের শতাধিক তরুণ প্রতিবাদমুখর হন। তাদের শরীরে, মাথায় জড়ানো ছিল ফিলিস্তিনের খুফিয়া।

অনেকের শরীরে গণহত্যাবিরোধী স্লোগানও লেখা ছিল। ব্যানার ও ফেস্টুনেও ছিল প্রতিরোধ ও সংহতির ডাক।

তরুণরা সামরিক আগ্রাসন বন্ধ, জলবায়ু ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা, দুর্বলদের বিরুদ্ধে সামরিকীকরণ বন্ধ, সাম্রাজ্যবাদ ও লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, গণহত্যার জন্য অস্ত্র, জ্বালানি ও বন্দর বন্ধ রাখা, যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে উচ্চ কণ্ঠে কথা বলেন।

তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারীরাও। তরুণরা যখন সমবেত কণ্ঠে যুদ্ধ ও সামরিকীকরণের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তখন ওমানের মধ্যবয়সী অধিকারকর্মী নাহাদ খালিফা আল সালমিও মুষ্টিবদ্ধ হাতে স্লোগান ধরেন।

তিনি বলেন, “দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দখলদাররা জলবায়ু ন্যায় বিচারেরও শত্রু। সারা বিশ্বে এদের চেহারা একই। ওদের নির্মমতার বিরুদ্ধে বৈশ্বিক জাগরণ দরকার।”

ইউক্রেইনের অধিকারকর্মী মারিয়ানা সিম্বালিউক বলেন, “দখলদাররা দেশে দেশে প্রাণ ও প্রকৃতি ধ্বংস করছে। মানুষ মারছে। সামরিক অভিযান চালিয়ে গণহত্যা করছে। এরা গণহত্যার সঙ্গে প্রকৃতি হত্যার জন্যও দায়ী। সকল যুদ্ধবাজদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।”

লেবাননের অধিকারকর্মী হ্যালা বলেন, “আমরা বিপন্ন। ইসরায়েলের অন্যায় আগ্রাসন ও সামরিক অভিযান আমাদের ভূমি, জীবন, প্রকৃতি সব তছনছ করে দিচ্ছে। এদের ভিতর মানুষ ও প্রকৃতির জন্য কোনো দয়া-মায়া নেই। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে।”

দ্রোহ ও প্রেমের সংহতি যে সীমানা মানে না সেটা বোঝা গেল বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এ তরুণদের কার্যক্রমে। তারা যূথবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন; ঐক্যবদ্ধ আওয়াজ তুলেছেন গণহত্যা, সাম্রাজ্যবাদ ও কার্বন নিঃসরণকারীদের বিরুদ্ধে।

তাদের আন্দোলনে অংশগ্রহণ ও সংহতি জানিয়ে বাংলাদেশের জলবায়ুকর্মী ও পরিবেশ আন্দোলনের সংগঠক আমিরুল রাজিব বলেন, “বৈশ্বিক উষ্ণায়নের শিকারতো শুধু মানুষ নয় এর ফলে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশসহ পুরো বাস্তুতন্ত্র বিপুলভাবে ক্ষতিগ্রস্থ ও বিলুপ্ত হচ্ছে।

“যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, কৃষিতে বিষ কোম্পানির প্রবল আগ্রাসন, জীবাশ্ম জ্বালানি নির্ভর বৈশ্বিক অর্থনীতির পেছনে একই চক্র। মানবকেন্দ্রীক চিন্তাধারা থেকে আমাদের সামগ্রিক প্রাণবৈচিত্র্যকে রক্ষা করতে হবে। আর তার জন্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত ও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

আমিরুল বলেন, “তরুণদের অংশগ্রহণে স্থানীয় ও জাতীয় সূদুরপ্রসারী পরিকল্পনা নিতে হবে। বিশ্বের তরুণরা জাগছে তাই হঠকারী ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সিদ্ধান্তের বদলে মানুষ ও প্রাণ প্রকৃতির জন্য বৈশ্বিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়ন করতেই হবে।”

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১ শুরু হয়েছে গত ৯ নভেম্বর, চলবে ২০ নভেম্বর পর্যন্ত।