১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কপ-৩১: রাষ্ট্রপ্রধানদের কাছে যে প্রত্যাশা ‘বিশ্ব নাগরিকদের’

জলবায়ু অঙ্গীকার পূরণে বিশ্বনেতাদের অনৈক্য হতাশ করেছে সবাইকে।

শামস শামীম

তুরস্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 06:20 PM

Updated : 13 Nov 2026, 06:20 PM

তুরস্কের আনতালিয়া এক্সপো সিটিতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১ এ সারাবিশ্ব থেকে বিভিন্ন পেশাজীবী প্রায় লাখো মানুষ এসেছেন। তারা নিজ নিজ দেশের প্যাভেলিয়ন, অন্য দেশের সাইড ইভেন্ট, প্রতিবাদ মঞ্চসহ নানাভাবে নিজেদের বক্তব্য তুলে ধরছেন।

তবে জলবায়ু অঙ্গীকার পূরণে বিশ্বনেতাদের অনৈক্য তাদের হতাশ করেছে। তারা জলবায়ু অঙ্গীকার পূরণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রভাবশালী দেশগুলো আন্তরিকতা কামনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বিভিন্ন দেশের নাগরিকদের কাছে সম্মেলনের প্রত্যাশা নিয়ে কথা বললে তারা জলবায়ু অভিঘাতে তাদের দুর্দশার চিত্র তুলে ধরে স্বার্থ ও শর্তহীন তহবিল ছাড়ের দাবি তুলে বিশ্ব নেতাদের অঙ্গীকার পূরণের দাবি জানান।

পশ্চিম আফ্রিকার অনুন্নত দেশ টোগোর স্টলে দেখা হয় দেশটির নাগরিক রাইসা নামে এক তরুণীর সঙ্গে। তিনি নিজের শিশু সন্তানকে নিয়ে এসেছেন সম্মেলনে। রাইসা বলেন, “আমরা প্রাকৃতিক ও সাধারণ জীবনযাপনের কারণেই কার্বন নিঃসরণ কম করি। কিন্তু আমরা উচ্চ জলবায়ু ঝুঁকির দেশ। আমাদের ৭০ ভাগ মানুষ কৃষি কাজ করে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের কৃষিজীবী মানুষদেরই ক্ষতি বেশি হচ্ছে। এ কারণে আমাদের খাদ্য সংকট ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। পুষ্টিহীনতার সঙ্গে প্রকৃতিতে জীববৈচিত্রের ক্ষতিও হচ্ছে ভীষণ।”

জলবায়ু পরিবর্তনের কারণে টোগোতে লবণাক্ততায় নানাবিধ ক্ষতি করছে বর্ণনা করে রাইসা বলেন, “বৃষ্টি, খরা, বন্যা আমাদের বিপর্যস্ত করে দিচ্ছে। আমাদের মত দেশগুলোকে বাঁচাতে বিশ্বনেতাদের প্যারিস অঙ্গীকার পূরণ করতে হবে। কিন্তু হতাশাজনক হলেও সত্য, কার্বন নিঃসরণকারী ও প্রকৃতি ধ্বংসকারী বড় দেশগুলোর কারণে বৈশ্বিক জলবায়ু উদ্যোগ বাস্তবায়ন করা যায় না।

“সম্মেলনে যে আশা নিয়ে আসি সেই আশা পূরণ হয় না। হতাশ হয়ে ফিরতে হয়। শুধু দেন দরবার আর লোক দেখানো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়।”

অস্ট্রেলিয়ার নাগরিক সমাজের প্রতিনিধি ফিয়েনা রেইন বলেন, “আমরা শুষ্ক অঞ্চলের মানুষ। তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবাানলের মাত্রা বেড়েই চলছে। ব্ল্যাক সামারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তৃত বনভূমি। আমাদের তাপমাত্রা দিনকে তিন বাড়ছে। শহর এবং গ্রামেও পরিবর্তন এসেছে। কৃষিতে সংকট দেখা দিয়েছে।

“আমাদের কৃষি প্রধান অঞ্চলে পানি কমে গেছে। মাটিতে লবণাক্ততা বাড়ায় কৃষি ও গবাদিপশুর সমস্যা হচ্ছে। এসব সংকট নিয়ে আমরা দিনযাপন করছি। আমরা চাই বৈশ্বিক এই সংকটে রাষ্ট্রপ্রধানরা এক হয়ে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করবেন।”

তুরস্ক সম্মেলনে প্যারিস ঘোষণার পর আরেকটি কার্যকর ঘোষণা আসার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ আন্দোলন সংগঠক আমিরুল রাজিবের সঙ্গে দেখা হয় সম্মেলনে। তিনি বলেন, “বিশ্বের নানা প্রান্তের

সাধারণ মানুষ সম্মেলনে অনেক আশা নিয়ে এসেছে। শুধু বিশ্বনেতারা নয়, নানা শ্রেণি পেশার মানুষ এসে তাদের দাবি তুলে ধরছে, একতাবদ্ধ হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মানুষই পরিবর্তনের দাবি তুলছে। কিন্তু সৌদি আরব, আমেরিকাসহ নানান ডানপন্থি সরকার ও তাদের লবিস্টরা সাধারণ মানুষের প্রত্যাশা ও জলবায়ু অঙ্গীকার কৌশলে বাধাগ্রস্ত করছে।

“তবে সারাবিশ্বে সাধারণ মানুষ সচেতন ও সরব হচ্ছে। তারা উচ্চ কণ্ঠে জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ ও নেতাদের হটকারিতার বিরুদ্ধে কথা বলছে। সারা বিশ্বে তরুণরা রাজনৈতিক পরিবর্তনে সোচ্চার হচ্ছে। একইসঙ্গে জলবায়ুর বিরূপ প্রভাব, ধনী দেশগুলোর কার্বন নিঃসরণ ও উষ্ণায়ন নিয়েও সচেতন হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও অঙ্গীকার পূরণে তারা আওয়াজ তুলছে।”

বাংলাদেশের উপকূল ও হাওরের মানুষ যেভাবে জলবায়ু অভিঘাতে বিপর্যস্ত, তেমনি ইউরোপে সম্প্রতি তাপপ্রবাহে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ফ্রান্সে প্রাচীন বনরাজি দাবানলে পুড়েছে। এখন এই বিষয়টি আর ধনী গরিব দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন চরম বৈশ্বিক সংকট বলেও অভিমত আমিরুল রাজিবের। তাই এখনই জলবায়ু সংকট সমাধানের তাগিদ দিয়ে তিনি বিভিন্ন কপ সম্মেলনের প্রতিশ্রুতিগুলো অবিলস্বে বাস্তবায়নের দাবি জানান।

স্থানীয় ও লোকায়ত জ্ঞানের মূল্যায়ণের মাধ্যমে জলবায়ু তহবিলের ন্যায্যতা নিশ্চিত ও টেকসই দুর্যোগ মোকাবেলায় তাদেরকে কাজ করার আহবান জানান তিনি।

সম্মেলনে কথা হয় বাংলাদেশের উন্নয়নকর্মী এ বি এম জাকারিয়ার সঙ্গে। তিনি বলেন, “আমরা আশাবাদী। আশাহত হওয়ার কারণ নেই। যদিও আমরা জানি জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে ঘাটতি আছে। সিভিল সোসাইটি থেকে বিশ্ব নেতাদের কাছে আমাদের আহ্বান, বিশ্ব নেতারা যেন অঙ্গীকার না ভুলে সেটা বাস্তবায়ন করেন।”

তিনিও জলবায়ু তহবিল বাস্তবায়নে স্বচ্ছতার দাবি তোলেন।