শিক্ষা, জলবায়ু ন্যায্যতাসহ নানা দাবিতে ইউরোপজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফ্রান্সের সাম্প্রতিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিসহ অন্তত ২৫টি দেশে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ট্রাইক’ পালিত হয়েছে।
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জলবায়ু ন্যায্যতা ও বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধসহ নানা দাবিতে ইউরোপজুড়ে শুক্রবার নতুন করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
রয়টার্স লিখেছে, ফ্রান্সের সাম্প্রতিক তীব্র আন্দোলনে অনুপ্রাণিত হয়ে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়; তবে এর তীব্রতা ছিল তুলনামূলক কম।
আয়োজকেরা জানিয়েছেন, অন্তত ২৫টি দেশে তারা ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ট্রাইক’ পালন করেছেন। এর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া রয়েছে।
জার্মানিতে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি সংগঠন দেশটির ৭৩টি শহর ও নগরে বিক্ষোভের আয়োজন করে। জার্মান এ নামের অর্থ ‘জেন-জি দায়িত্ব নিচ্ছে’।
জার্মানির কোলন শহরের এক বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ইয়াসমিন হামাদি। তিনি বলেন, “আমার বিশ্ববিদ্যালয়, স্কুল কিংবা সামগ্রিক শিক্ষাব্যবস্থা, সব জায়গায় ব্যয় সংকোচন করা হচ্ছে। এতে আমি মোটেও খুশি নই।”
তিনি বলেন, “এজন্যই পরিবর্তনের দাবিতে অবস্থান নিতে এখানে এসেছি। কারণ এভাবে চলতে পারে না।”
‘পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে’
শান্তিপূর্ণ এসব পদযাত্রায় উপস্থিতি ছিল সীমিত। বেশির ভাগ জায়গায় কয়েক শ থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন।
তবে ইতালিতে বিক্ষোভের পরিধি ছিল অনেক বড়। সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মজুরি বৃদ্ধি ও জনসেবা খাতে ব্যয় বাড়ানোর দাবি তোলা হয়।
এর আগে ফ্রান্সে অনেক বড় পরিসরের বিক্ষোভ হয়েছিল। সে সময় পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ ও লুটপাটের ঘটনাও ঘটে।
অন্যদিকে সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে ভোটাভুটিতে ক্ষমতা হারান দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ। এছাড়া আলবেনিয়াতেও অস্থিরতা দেখা গেছে।
ইতালিজুড়ে হাজার হাজার মানুষের পদযাত্রার মধ্যে বক্তব্য দেন দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন সিজিআইএলের নেতা মাউরিজিও ল্যান্ডিনি।
তিনি বলেন, “আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেবল ইতালিতে নয়, পুরো ইউরোপেই তরুণেরা রাস্তায় নেমেছেন।”
মাউরিজিও ল্যান্ডিনি বলেন, “ইউরোপজুড়ে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।”
নানা দাবি
আগের বিক্ষোভগুলোর মতো এবারও শিক্ষার্থীদের দাবিগুলো ছিল বহুমুখী। এর মধ্যে স্কুলের তহবিল ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি ছিল।
শুক্রবারের বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে সামরিক খাতে ব্যয় কমানোর দাবি জানানো হয়। জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
জার্মানির রাজধানী বার্লিনের বিশাল আলেকজান্ডারপ্লাৎস চত্বরে আয়োজিত বিক্ষোভে প্রায় চার হাজার মানুষ অংশ নেন।
পুলিশ জানিয়েছে, কোলন শহরের বিক্ষোভে পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে ধারণা করা হয়েছিল। তবে উপস্থিতি এর চেয়ে কম হলেও কয়েক হাজার ছিল।
প্যারিসের একটি বিক্ষোভে অংশ নেন ২৫ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইভলিন।
তিনি বলেন, “জেন-জি প্রজন্মের অনেকেই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। জীবনযাত্রার ব্যয়, আসন্ন জলবায়ু সংকট এবং জলবায়ু পরিবর্তনের ফলে কয়েক শ কোটি মানুষের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা নিয়ে আমরা চিন্তিত।”
ইভলিন বলেন, “বর্তমানে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের হাতেই যদি সব সিদ্ধান্ত ছেড়ে দিই, তবে আমাদের জন্য এক মৃত্যুর ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
প্যারিস থেকে ইংলিশ চ্যানেলের ওপারে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। সেখানে একজনের হাতের কার্ডবোর্ডে লেখা ছিল, “আমি ক্লাস ফাঁকি দিইনি, বেঁচে থাকার তাগিদে কাজ করছিলাম।”
