১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে পাকিস্তান

প্রথমার্ধের শেষ দিকের গোলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এগিয়ে আছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে পাকিস্তান

ছবি: শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:04 PM

Updated : 17 Nov 2026, 09:04 PM

আক্রমণাত্মক ফুটবল খেলল পাকিস্তান। ভারত থাকল রক্ষণ সামলে পাল্টা আক্রমণের ছকে। প্রথমার্ধের শেষ দিকে তাদের প্রতিরোধের দেয়ালে ধরল চিড়। তাতে আলমগীর আলি খান গাজীর গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল পাকিস্তান।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে ওঠা পাকিস্তান।

তৃতীয় মিনিটে সুহাইল ভাট বাম দিক দিয়ে বক্সে ঢুকে উড়িয়ে মারেন। সপ্তদশ মিনিটে ভালো সুযোগ নষ্ট হয় পাকিস্তানেরও। আব্দুল সামাদ শেহজাদ বলের নাগাল পাওয়ার আগেই দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে হেডে ক্লিয়ার করেন গোলকিপার। কিন্তু বল যায় আলি আকবর খানের পায়ে। ফাঁকা পোস্ট পেয়ে বাইরে মারেন তিনি।

একটু পর ভারতের রক্ষণে আবারও হানা দেয় পাকিস্তান। সতীর্থের গোলমুখে বাড়ানো কাটব্যাকে অ্যারন আব্দুল্লাহর ফ্লিক দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমান গোলকিপার আরশ আনোয়ার শেখ।

২২তম মিনিটে হারিস আলির কাটব্যাক এক ডিফেন্ডার ফেরানোর পর, আব্দুল্লাহর শট ঝাঁপিয়ে আটকান আরশ। এরপর কয়েক পা ঘুরে ফের বল পাওয়া আব্দুল্লাহর শট যায় দূরের বাইরে। ৩৩তম মিনিটে ভারতের রিকি জনের জোরাল সাইড ভলি আটকে দেন ইউসুফ ইজাজ বাট।

প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে ভারত। জুনাইদ আহমেদ শাহর নিচু পাস আটকাতে পা চালিয়েছিলেন লুঙ্গদিম। কিন্তু বল চলে যায় আলমগীর আলি খান গাজীর পায়ে। ডান পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।