০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নরকিয়া-ডি জর্জিকে ফিরিয়ে বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা

পেস বিভাগে বাড়তি মনোযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

নরকিয়া-ডি জর্জিকে ফিরিয়ে বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা

আনরিখ নরকিয়া। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 04:51 PM

Updated : 02 Nov 2026, 04:51 PM

কুঁচকির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ছিটকে যাওয়া আনরিখ নরকিয়া ফিরলেন এক ম্যাচ পরই। একইসঙ্গে স্কোয়াডে জায়গা ফিরে পেলেন টপ-অর্ডার ব্যাটসম্যান টনি ডি জর্জি। তাদের ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের রেশ থাকতেই নতুন অভিযানে নামবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজে এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

পূর্ণ শক্তির দলের নেতৃত্বে যথারীতি থাকছেন টেম্বা বাভুমা। নরকিয়া ও ডি জর্জির পাশাপাশি স্কোয়াডে ফিরেছেন জুবাইর হামজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন- ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনা, জেরাল্ড কুটসিয়া ও সেনুরান মুত্থুসামি।

হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি টনি ডি জর্জি। প্রথম দুই টেস্ট খেলার পর কুঁচকির চোটে ছিটকে যান নরকিয়া। এছাড়া ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়াতে ডাক পেলেন জুবাইর হামজা।

সিরিজের দুটি ম্যাচই হবে ‘হাইভেল্ড ভেন্যু’ অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে অধিকতর উচ্চতার দুই ভেন‍্যু জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। যেখানে সচরাচর পেসাররা পান বাড়তি সুবিধা। তাই বিশেষজ্ঞ ও অলরাউন্ডার মিলিয়ে পেস বিভাগে রাখা হয়েছে বড় বহর।

নরকিয়া ছাড়াও সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে দারুণ বোলিং করা কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের সঙ্গে ড্যান প্যাটারসন, ভিয়ান মুল্ডার ও করবাইন বশ। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বিবেচনায় রাখা হয়নি লুঙ্গি এনগিডিকে।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাডও বলেছেন, হাইভেল্ড কন্ডিশনে পেসারদের থাকতে পারে বড় ভূমিকা।

“অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আমাদের লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে একই ছন্দ ধরে রাখা। হাইভেল্ডের উইকেট ঐতিহ্যগতভাবেই গতিময় ও বাউন্সি হয়ে থাকে। জোহানেসবার্গে স্পিন ইদানীং সহায়তা পাচ্ছে। সব মাথায় রেখেই পেস আক্রমণের দিকে আমাদের বিশেষ মনোযোগ থাকছে।”

সাম্প্রতিক সময়ে পেস আক্রমণে বাংলাদেশও রেখেছে সামর্থ্যের ছাপ। বিশেষ করে সবশেষ অস্ট্রেলিয়া সফরে ডারউইন টেস্ট ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন পেসাররাই। তাই বাংলাদেশের পেস বিভাগ নিয়েও সতর্ক প্রোটিয়া কোচ।

“আমরা জানি বাংলাদেশ দল কতটা বিপজ্জনক হতে পারে। হাইভেল্ডের কন্ডিশনে ওদের পেসাররাও যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের ধারণা।”

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের জন্য আগামী ১১ নভেম্বর শুরু হবে তাদের প্রস্তুতি।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা, মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামকা, মার্কো ইয়ানসেন, কেশাভ মাহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিক নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন