২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শঙ্কা নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে রাবাদা

আন্তঃস্কোয়াড ম‍্যাচ দিয়ে অভিজ্ঞ এই পেসারের ফিটনেস পরীক্ষা করবে দক্ষিণ আফ্রিকা।

শঙ্কা নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে রাবাদা

কাগিসো রাবাদা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 10:12 PM

Updated : 28 Sep 2026, 10:12 PM

চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা কাগিসো রাবাদাকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা। একটি আন্তঃস্কোয়াড ম‍্যাচ দিয়ে প্রথম টেস্টে অভিজ্ঞ পেসারের খেলার সম্ভাবনা যাচাই করবে তারা।

আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে তিন ম‍্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

রাবাদাকে যতটা সম্ভব সময় দিতে চান দক্ষিণ আফ্রিকা কোচ শুক্রি কনরাড। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, মরিয়া হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তারা।

“তিন দিনের ম‍্যাচ খেলা কেমন হয় এর ভিত্তিতে, প্রথম বা দ্বিতীয় দিন শেষে সম্ভবত আমরা একটা সিদ্ধান্ত নেব।”

রাবাদার মতো হ‍্যামস্ট্রিংয়ের সমস‍্যায় ভুগছেন লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টম‍্যান ও কিওয়েনা মাফাকা। তাদের এই সিরিজের জন‍্য বিবেচনা করা হয়নি। সাত পেসার নিয়ে গড়া ১৮ জনের দলে ডাক পেয়েছেন আনরিখ নরকিয়া। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকা গতিময় এই পেসারের সামনে ২০২৩ সালের মার্চের পর প্রথম টেস্ট খেলার হাতছানি।

চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা জেরাল্ট কুটসিয়াও ডাক পেয়েছেন টেস্ট দলে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছেন তিনি। ২০২৪ সালের নভেম্বরে সবশেষ টেস্ট খেলেন এই পেসার। গত টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে থাকা পেসার কর্বিন বশ, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার ও ড‍্যান প‍্যাটারসনও আছেন দলে।

টেস্ট না খেলা একমাত্র ক্রিকেটার হলেন মার্কেস অ‍্যাকারম‍্যান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে এক হাজারের বেশি রান করেছেন তিনি। টপ অর্ডারে খেলার জন‍্য তিনি লড়াই করবেন টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও মুল্ডারের সঙ্গে। সাম্প্রতিক ছন্দের বিবেচনায় সুযোগ পেতে পারেন অ‍্যাকারম‍্যান।

মিডল অর্ডারে জায়গা হয়নি ডেওয়াল্ড ব্রেভিসের। তবে এই গ্রীষ্মে টেস্ট দলে তাকে সুযোগ দেওয়ার কথা বললেন কনরাড।

দলে স্পিনার তিন জন- কেশাভ মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামি। টেস্ট চ‍্যাম্পিয়নশিপের গত চক্রে ভূমিকা ছিল তিন জনেরই। মৌসুমের শুরুতে উপকূলীয় ভেন‍্যুগুলোতে বাড়তি সাহায‍্য পেতে পারেন স্পিনাররা। সেক্ষেত্রে একাদশে দুই বা তিন জনকেই দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়া সিরিজের দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ‍্যাকারম‍্যান, ডেভিড বেডিংহ‍্যাম, কর্বিন বশ, জেরাল্ট কুটসিয়া, টনি ডি জর্জি, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, ড‍্যান প‍্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা।