১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

পাঁচজনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:55 PM

Updated : 19 Nov 2026, 06:55 PM

চট্টগ্রামে ‘কথা কাটাকাটির’ জেরে ছুরিকাহত এক যুবকের তিন দিন পর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সাজ্জাদ হোসেন মাসুমের (৩০) মৃত্যু হয়।

তিনি নগরীর একে খান এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) রুহুল আমিন লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার একে খান গেইটের টমটম (ডিজেল চালিত ছোট অটো রিকশা) স্ট্যান্ডে মাসুমের সঙ্গে কয়েক জনের কথা কাটাকাটি হয়। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল।

“বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। বৃহস্পতিবার এ ঘটনায় একটি মামলা হয়েছে।”

সহকারী কমিশনার লাবু বলেন, মামলায় আসামি হিসেবে পাঁচজনের নাম রয়েছে।

“তাদের ধরা গেলে জানা যাবে কী কারণে তার সঙ্গে কথাকাটাকাটি হয়েছিল এবং ছুরিকাঘাত করা হয়েছিল।”