স্থাপনায় হামলা হলে পুরো গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জে রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজোপাডিকোর ফেইসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সকল শ্রেণির গ্রাহকগণের কাছে অনুরোধ ‘রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।
“বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।”
ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের বিভাগের নির্বাহী প্রকৌশলী এ অনুরোধ করেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, “গত ১৯ নভেম্বর একশ থেকে দেড়শ জন মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়ে। তারা অফিসের একটি গ্লাস ভেঙে ফেলে এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেয়।
“হামলার আশঙ্কায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছে। তারা যদি কাজ করতে ভয় পায় তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।”
ওই কর্মকর্তা আরও বলেন, “আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে তো আর কাজ করা সম্ভব হবে না। কারণ স্টাফরা বাইরে কাজ করে। তারা কাজ না করলে তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এই পোস্টটি করেছি।”
তবে গোপালগঞ্জের সচেতন মহল মনে করেন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে এ সেক্টরে কোনো ধরনের হামলা করা উচিত নয়।
