নিউ জিল্যান্ডে এক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট
সরকার গঠনে এখন তাদের নির্ভর করতে হবে ছোট দলগুলোর ওপর।
নিউ জিল্যান্ডের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় আসনের চেয়ে একটি কম পেয়েছে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট।
বিবিসি লিখেছে, এর ফলে সরকার গঠন করতে হলে জোটটিকে এখন ছোট দলগুলোর সমর্থন নিতে হবে। এ নিয়ে সমঝোতা না হলে দেশটিতে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।
শুক্রবার প্রকাশিত চূড়ান্ত ফলে ১৩০ আসনের পার্লামেন্টে লাক্সনের ন্যাশনাল পার্টি পেয়েছে ৪০টি আসন। জোটের অন্য দুই শরিক অ্যাক্ট পার্টি পেয়েছে ১৩টি এবং নিউ জিল্যান্ড ফার্স্ট পেয়েছে ১২টি আসন। সব মিলিয়ে ক্ষমতাসীন জোটের ঝুলিতে পড়েছে ৬৫টি। কিন্তু সরকার গঠনে প্রয়োজন ৬৬টি আসন।
অন্যদিকে মধ্য-বামপন্থি লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন। তাদের সম্ভাব্য মিত্র গ্রিন পার্টি পেয়েছে ১৭টি এবং মাওরি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তে পাতি মাওরি পেয়েছে পাঁচটি আসন।
নির্বাচনে সাতটি আসন পাওয়া অপরচুনিটি পার্টি এখন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলটির সমর্থন পেলেও লেবার পার্টি ও তার সম্ভাব্য মিত্রদের আসনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার পর্যায়ে পৌঁছাবে না।
নির্বাচনের পর জোট গঠনের আলোচনা যে সহজ হবে না, তা মানছেন প্রধানমন্ত্রী লাক্সন।
তিনি শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ‘চ্যালেঞ্জিং হতে পারে’ এবং এতে কিছুটা সময় লাগবে।
লাক্সন বলেন, “তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে পৌঁছালে তা ভেঙে যেতে পারে কিংবা আবারও নির্বাচনের দিকে যেতে হতে পারে। এমন কিছুর জন্য নিউ জিল্যান্ডবাসী আমাদের ধন্যবাদ দেবেন না।”
লেবার পার্টির নেতা ক্রিস হিপকিনস বলেছেন, তার দল ‘অসাধারণ প্রচারণা চালিয়েছে’। সর্বাধিক ভোট পেলেও সরকার গঠনের দরকষাকষির ক্ষমতা তাদের হাতে নেই বলে স্বীকার করেন তিনি।
হিপকিনস বলেন, “এবারের নির্বাচনে স্থিতাবস্থার চেয়ে পরিবর্তনের পক্ষেই বেশি নিউ জিল্যান্ডবাসী ভোট দিয়েছেন।”
অপরচুনিটি পার্টির নেতা কিউলাই ওং জানিয়েছেন, তারা ন্যাশনাল পার্টির সঙ্গে আলোচনা করবেন। তবে অন্য সম্ভাবনাও বিবেচনায় রাখছেন তারা।
ওং শুক্রবার সাংবাদিকদের বলেন, “পার্লামেন্টে সাতটি দল রয়েছে। নিউ জিল্যান্ডকে একটি স্থিতিশীল সরকার উপহার দিতে সাধ্যমতো সবকিছু করার দায়িত্ব সবার। এটি কেবল আমাদের একার বিষয় নয়।”
নিউ জিল্যান্ডে মিশ্র আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) পদ্ধতিতে নির্বাচন হয়। এ ব্যবস্থায় একজন ভোটার দুটি ভোট দেন—একটি পছন্দের রাজনৈতিক দলের জন্য, অন্যটি স্থানীয় আসনের প্রার্থীর জন্য।
এ পদ্ধতিতে সাধারণত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হয়।
গত ৭ নভেম্বর ভোটের দিন প্রাথমিক ফলাফলে ন্যাশনাল পার্টি ও তার শরিকদের সামান্য ব্যবধানে এগিয়ে থাকার আভাস পাওয়া গিয়েছিল। তবে শুক্রবারের চূড়ান্ত গণনায় দেখা যায়, ‘স্পেশাল ভোটে’ ক্ষমতাসীন জোট দুটি আসন হারিয়েছে।
নির্বাচনের দিন বিদেশে থাকা কিংবা নিজ নিজ নির্বাচনি এলাকার বাইরে থাকা ভোটারদের দেওয়া ভোটকে ‘স্পেশাল ভোট’ বলা হয়। এ ভোট সাধারণত বামপন্থি দলগুলোর পক্ষে যায়।
বিবিসি লিখেছে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও বেকারত্ব নিয়ে ভোটারদের হতাশার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্প্রতি রেকর্ডসংখ্যক নিউ জিল্যান্ডবাসী প্রতিবেশী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডানও রয়েছেন।
