২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিংহ্যামের দুর্দান্ত ফর্মের নেপথ্যে মরিনিয়ো

দুর্দান্ত ছন্দে থাকার পেছনের কারণ জানতে চাইলে সরাসরি কোচের নাম বলেন ইংলিশ ফুটবলার।

বেলিংহ্যামের দুর্দান্ত ফর্মের নেপথ্যে মরিনিয়ো

কোচ জুজে মরিনিয়োর সঙ্গে জুড বেলিংহ্যাম (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 03:23 PM

Updated : 25 Nov 2026, 03:23 PM

ফুটবলের সবুজ গালিচায় দারুণ সময় কাটাচ্ছেন জুড বেলিংহ্যাম। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকার পেছনে জুজে মরিনিয়োর বড় অবদান দেখছেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার। আর এজন্য পর্তুগিজ কোচের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে রেয়াল মাদ্রিদ। তাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। তিনটি পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধে খেলতে নামে স্পেনের সফলতম ক্লাবটি।

এরপরই বদলে যেতে থাকে রেয়ালের খেলার ধরন। ম্যাচে আধিপত্য বিস্তার করতে শুরু করে স্বাগতিকরা। ঘুরে দাঁড়িয়ে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। চোখধাঁধানো একটি গোল করেন দ্বিতীয়ার্ধে খেলতে নামা বেলিংহ্যাম। এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলের দেখা পান ভিনিসিউস জুনিয়র। অন্য গোলটি করেন ফেদেরিকো ভালভের্দে।

ক্লাবের হয়ে সবশেষ পাঁচ ম্যাচে এনিয়ে চারটি গোল করলেন বেলিংহ্যাম। এমন দুর্দান্ত ছন্দে থাকার পেছনের কারণ জানতে চাইলে সরাসরি মরিনিয়োর নাম বলেন ইংলিশ ফুটবলার।

“মরিনিয়ো, এখানেই শেষ। আমি ফুটবল খুব উপভোগ করছি। কোচকে পছন্দ করি, তার কোচিং স্টাফদেরও। সতীর্থরাও আমাকে অনেক সাহায্য করছে।

“আমি এজন্যই ভালো খেলছি, কারণ সবার থেকে অনেক সহায়তা পাচ্ছি।”

ম্যাচের ৬০তম মিনিটে দর্শনীয় গোলটি করেন বেলিংহ্যাম। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সের সামনে এমবাপেকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন মার্ক কুকুরেইয়া, সেটা আটকে দেন পিএসভির একজন। তবে বল ক্লিয়ার করতে গিয়ে তিনি তুলে দেন বেলিংহ্যামের পায়ে, আর অসাধারণ দক্ষতায় বাতাসে দুবার বল জাগল করে বুলেট গতির ভলিতে ঠিকানা খুঁজে নেন তিনি।

ক্যারিয়ারের অন্যতম সেরা গোল কি না, টিএনটি স্পোর্টসের এমন প্রশ্নে বেলিংহ্যাম বলেন, “আমারও তা-ই মনে হয়। সাধারণত তো গোলপোস্টের অনেক কাছ থেকে গোল করি, তাই না! এটা অবশ্য দারুণ একটা গোল হয়েছে।

“বলটা বেশ সুন্দরভাবে ওপরে উঠেছিল। তখন বুটের বাইরের অংশ দিয়ে শট নেওয়ার সিদ্ধান্ত নিই। আমি খুব জোরে শট নেওয়ার পক্ষে নই। মুহূর্তটা দারুণ ছিল।”

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সাত গোল করেন বেলিংহ্যাম। জাতীয় দলের হয়ে সেই পারফরম্যান্সই কি তার গোল করার ধার বাড়িয়ে দিয়েছে, এমন প্রশ্নও করা হয় তাকে।

“জানি না, নাম্বার টেন হিসেবে খেলছি বলে কি না, নাকি স্বাধীনভাবে খেলার সুযোগ পাচ্ছি বলে। মাঠে বিচরণ করার, নিচে নেমে আক্রমণ তৈরিতে সাহায্য করার এবং আক্রমণে উঠে গিয়ে গোল করার স্বাধীনতা পাচ্ছি।

“মরিনিয়ো আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। এজন্যই ভালো খেলছি, কারণ আমি খুশি।”

দ্বিতীয়ার্ধে দল যে মানসিকতা দেখিয়েছে তার প্রশংসা করেন রেয়াল কোচ মরিনিয়ো। আলাদা করে বেলিংহ্যামকে স্তুতিতে ভাসান তিনি।

“দ্বিতীয়ার্ধের বিষয়টি ছিল মানসিকতার। আমরা পরিবর্তন এনেছি, আর জুড একেবারেই অন্য রকম একজন খেলোয়াড়। প্রথমার্ধে আমাদের যা ছিল না, সে সেটাই দিয়েছে।

“মানসিকতায় একটা পরিবর্তন এসেছিল। প্রথমার্ধে আমরা নিজেদের ছন্দ খুঁজে পাইনি, প্রতিপক্ষকে চেপে ধরতে পারিনি, বল দখলের লড়াইয়ে জিততে পারিনি।”

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে এখন শীর্ষে আছে রেয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের পরের ম্যাচ ৯ ডিসেম্বর, আর্সেনালের মাঠে।