চমকপ্রদ যাত্রায় লঁসের জালে ৯ গোল দিয়ে কোমোর রেকর্ড
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই প্রতিযোগিতাটির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড স্পর্শ করল ইতালিয়ান ক্লাবটি।
প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল কোমো। আর বিরতির পর তো লঁসের জালে গোল উৎসবে মেতে উঠল ইতালিয়ান ক্লাবটি, স্পর্শ করল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড।
ফরাসি ক্লাবটিকে তাদের মাঠেই বুধবার রাতে ৯-১ গোলে বিধ্বস্ত করে কোমো। হ্যাটট্রিক করেন দুভিকাস।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করা দ্বিতীয় দল কোমো। ২০২৪ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ৯-২ গোলে জিতেছিল বায়ার্ন মিউনিখ।
প্রতিযোগিতাটিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও স্পর্শ করেছে কোমো। ২০১৭ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুল ও ২০১৫ সালে মালমোর বিপক্ষে রেয়াল মাদ্রিদ ৮-০ গোলে জিতেছিল।
চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের আগে ইউরোপিয়ান কাপের হিসাবে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ফাইনর্টের। ১৯৬৯ সালের সেপ্টেম্বরে আইসল্যান্ডের ক্লাব কেআর-কে ১২-২ গোলে হারিয়েছিল ডাচ ক্লাবটি।
ক্লাবের প্রায় ১২০ বছরের ইতিহাসে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলছে কোমো। অভিষেক ম্যাচে লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দেয় সেস ফাব্রেগাসের দল। দ্বিতীয় ম্যাচে ফাইনর্টের বিপক্ষে ৩-২ গোলে হারলেও, পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় তারা। এরপর ৯ গোলের এই ম্যাচ।
চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল আর্সেনাল
৫ গোলের লড়াইয়ে লাইপজিগের মাঠে সিটির কষ্টার্জিত জয়
