০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল আর্সেনাল

শেষ সময়ে ব্যবধান কমিয়ে লড়াইয়ে রোমাঞ্চ ছড়ায় স্লাভিয়া প্রাহা, তবে বাকি সময়ে আর বিপদ হতে দেয়নি মিকেল আর্তেতার দল।

চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল আর্সেনাল

ব্যবধান বাড়ানো ভিক্তর ইয়োকেরেশকে ঘিরে আর্সেনালের উদযাপন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 04:10 AM

Updated : 05 Nov 2026, 04:18 AM

স্লাভিয়া প্রাহার মাঠে দুই গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে বেশ ভুগল আর্সেনাল। শেষ সময়ে গোলও হজম করল তারা। তবে বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেয়নি মিকেল আর্তেতার দল।

প্রতিপক্ষের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। ননি মাদুয়েকে দলটিকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ভিক্তর ইয়োকেরেশ।

প্রথমার্ধে কোণঠাসা স্লাভিয়া বিরতির পর ধীরে ধীরে চাপ বাড়ায়। পরে আরও মরিয়া হয়ে ওঠে তারা। পুরো ম্যাচে পজেশন রাখায় পিছিয়ে থাকলেও, গোলের জন্য শট বেশি নেয় তারা। তাদের ১৮ শটের ছয়টি লক্ষ্যে ছিল। আর আর্সেনালের ১২ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

প্রথম দুই ম্যাচে জয়ের পর, গত রাউন্ডে বায়ার্ন মিউনিখের মাঠে ২-২ ড্র করে আর্সেনাল। আবার জয়ের পথে ফিরল তারা।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ১২ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে ও রেয়াল মাদ্রিদ দুইয়ে আছে।

প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই এগিয়ে যায় আর্সেনাল। গোলরক্ষকের লম্বা করে বাড়ানো বল মাঝমাঠে পেয়ে, প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে থ্রু পাস দেন ইয়োকেরেশ এবং বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন মাদুয়েকে।

একের পর এক আক্রমণে চাপ ধরে রেখে ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োকেরেশ। মিকেল মেরিনোর সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে, দ্রুত ডি-বক্সে এগিয়ে কোনাকুনি শটে গোলটি করেন সুইডিশ ফরোয়ার্ড।

বিরতির পর খেলা পুনরায় শুরু হতেই আক্রমণ শাণায় স্লাভিয়া এবং প্রথম মিনিটেই গোলরক্ষকের পরীক্ষা নেয় তারা। অস্কার কুবিয়াকের নেওয়া লক্ষ্যে তাদের প্রথম শটটি ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন দাভিদ রাইয়া।

দ্বিতীয়ার্ধে আর্সেনালের আক্রমণের ধার কমে আসে। অন্যদিকে, প্রথমার্ধে বিবর্ণ স্লাভিয়া দ্বিতীয় ভাগে বেশিরভাগ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণও করতে থাকে।

৭৫তম মিনিটে পরপর দুটি ভালো সুযোগ তৈরি করে স্লাভিয়া, কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। মোয়িমিরের প্রচেষ্টা গোললাইনে ডিফেন্ডার গাব্রিয়েল হেডে আটকানোর পর, নোয়াকের হেড রুখে দেন রাইয়া।

৮৩তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল চেক রিপাবলিকের দলটি। তবে কুবলাকের শট রাইয়ার হাতে লেগে পোস্টে প্রতিহত হয়।

মুহুর্মুহু আক্রমণ করার সুফল অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে পায় স্লাভিয়া। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল গোলরক্ষক ও প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে ফাঁকি দিয়ে চলে আসে নোয়াকের পায়ে, এবং সেটা জালে পাঠাতে কোনো ভুল করেননি তিনি।

বাকি সময়েও চাপ ধরে রাখে স্লাভিয়া, তবে পয়েন্ট আদায় করে নেওয়ার মতো আর কিছু করতে পারেনি তারা।